ঢাকা     বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩ || ২৬ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গবেষণা সহযোগিতা জোরদারে ঢাবি-এসিইউ বৈঠক

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৭, ১১ জুন ২০২৬  
গবেষণা সহযোগিতা জোরদারে ঢাবি-এসিইউ বৈঠক

গবেষণা সহযোগিতা সম্প্রসারণ, উচ্চশিক্ষায় বৈশ্বিক অংশীদারিত্ব বৃদ্ধি এবং উদীয়মান প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ (ACU)-এর মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১১ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। বৈঠকে এসিইউ-এর মহাসচিব অধ্যাপক কলিন রিওর্ডান এবং দক্ষিণ এশিয়ায় মেম্বারশিপ এনগেজমেন্ট লিড ইকিতা পোখারনা বক্তব্য দেন।

বৈঠকে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বৈশ্বিক নেটওয়ার্ক ও অংশীদারিত্ব শক্তিশালীকরণ, যৌথ গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং কমনওয়েলথভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সম্পর্ক জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়সমূহে বৃত্তি ও ফেলোশিপের সংখ্যা বাড়ানোর বিষয়েও মতবিনিময় করা হয়।

আলোচনায় শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি গ্রহণের সম্ভাবনা এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে উদ্ভাবন ও উদ্যোক্তা ইকোসিস্টেম শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থী ও গবেষকদের উদ্ভাবনী ধারণাকে বাস্তবসম্মত সমাধানে রূপান্তর করা সম্ভব।

বৈঠকে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, “ডিজিটাল রূপান্তর এবং শিক্ষাদান, শিখন ও গবেষণায় উদীয়মান প্রযুক্তির দায়িত্বশীল একীকরণের ক্ষেত্রে আমাদের সহযোগিতা আরো গভীর করতে হবে।”

তিনি আরো বলেন, “অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক উচ্চশিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে কোনো শিক্ষার্থী পিছিয়ে না থাকে।”

উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় সফরের জন্য এসিইউ মহাসচিবকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন, এ সফর ঢাকা বিশ্ববিদ্যালয় ও কমনওয়েলথভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতা আরো জোরদার করবে। একইসঙ্গে শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে এসিইউ-এর সহযোগিতা কামনা করেন তিনি।
বৈঠক শেষে এসিইউ মহাসচিব উপাচার্যের কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে পৃথক আলোচনা করেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রাধ্যক্ষ, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউট পরিচালক এবং প্রক্টর উপস্থিত ছিলেন।

ঢাকা/সৌরভ/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়