ঢাকা     বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩ || ২৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মালদহের ৩ হোল্ডিং সেন্টারে বাংলাদেশি দাবি করা দেড় শতাধিক মানুষ

কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৫, ১১ জুন ২০২৬  
মালদহের ৩ হোল্ডিং সেন্টারে বাংলাদেশি দাবি করা দেড় শতাধিক মানুষ

পশ্চিমবঙ্গে ক্রমেই বাড়ছে নিজেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী ঘোষণা দেওয়া মানুষের সংখ্যা। এর বাইরে সরকারি ঘোষিত নীতি ‘ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্ট’ অনুযায়ী প্রতিদিনই রাজ্যের বিভিন্ন জেলায় ধরা পড়ছে বহু অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিক। সরকারি নিয়ম অনুযায়ী নিজেদের বাংলাদেশি দাবি করা এইসব মানুষদের জেল হেফাজতে না পাঠিয়ে সরাসরি বাংলাদেশ সরকারের সহযোগিতায় দেশে ফেরত পাঠাতে চায় ভারত সরকার। এজন্য পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত খোলা হয়েছে ১৩ টি হোল্ডিং সেন্টার, যার মধ্যে অপারেশনাল রয়েছে ১১ টি। যদিও সরকারের নির্দেশ রয়েছে ২৩ জেলার প্রত্যেকটি জেলাতেই খোলা হবে হোল্ডিং সেন্টার। এর মধ্যে হাকিমপুর সীমান্তের তিনটি হোল্ডিং সেন্টারে রয়েছে সব থেকে বেশি মানুষ , হাকিমপুরের পাশাপাশি মালদহতেও খোলা হয়েছে তিনটি হোল্ডিং সেন্টার, যেখানে রয়েছেন প্রায় দেড় শতাধিক মানুষ।

পশ্চিমবঙ্গের সব থেকে বেশি হোল্ডিং সেন্টার ছিল এতদিন উত্তর চব্বিশ পরগনা জেলায়। এই জেলার বসিরহাট মহকুমার বিথারী হাকিমপুর সীমান্তে , সরুপনগর ও তেতুলিয়ায় সবমিলিয়ে তিনটি হোল্ডিং সেন্টার করেছে প্রশাসন। সেখানে এখন রয়েছে পাঁচ শতাধিক মানুষ। তারা নিজেদের বাংলাদেশি বলে দাবি করে দেশে ফিরে যেতে চাইছেন। বৃহস্পতিবার এই সীমান্ত ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশের ফিরে যাওয়ার উদ্দেশ্যে এসেছেন আরো প্রায় ৩০ জন। 

জেলা পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, হাকিমপুরের পাশাপাশি মালদহতেও এখনো পর্যন্ত তিনটি হোল্ডিং সেন্টার চালু করেছে প্রশাসন। মালদহ জেলা পুলিশ প্রশাসন বলছে ,প্রথমে ইংরেজবাজারের বাগবাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষণ কেন্দ্রে হোল্ডিং সেন্টার করা হয়। এরপর পুরাতন মালদহের নারায়ণপুরের জলঙ্গা মাঠে ফ্ল্যাড সেন্টারে দ্বিতীয় হোল্ডিং সেন্টার চালু করেছে প্রশাসন। এরই পাশাপাশি বুধবার বামনগোলা থানার পাকুয়াহাট কর্মতীর্থে জেলার তৃতীয় হোল্ডিং সেন্টার চালু করা হয়েছে।  মালদহে এই তিনটি হোল্ডিং সেন্টার মিলিয়ে একসঙ্গে অন্তত আড়াইশো থেকে ৩০০ জন অনুপ্রবেশকারীকে রাখা সম্ভব হবে। 

ইতিমধ্যে মালদহের এই হোল্ডিং সেন্টারগুলোতে ১৫০ জনেরও বেশি অনুপ্রবেশকারীকে রাখা হয়েছে। মালদহ জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গের ব্যারাকপুর থেকেও ধরা পড়া শতাধিক বাংলাদেশিকে এনে রাখা হয়েছে এই সেন্টারগুলোতে।

প্রশাসন সূত্র জানিয়েছে, ইতিমধ্যেই বেশকিছু বাংলাদেশিকে পুশব্যাক করা হয়েছে। ধাপে ধাপে বাকিদের ও পুশব্যাক করা হবে। 

অন্যদিকে জেলায় বা রাজ্যে যারা অনুপ্রবেশ করেছেন, বাংলাদেশি হয়েও এতদিন এই রাজ্যের সুযোগ সুবিধা ভোগ করছেন, তাদের প্রত্যেককে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন মালদা বিধানসভার বিজেপি বিধায়ক গোপাল সাহা।
 

ঢাকা/সুচরিতা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়