উত্তরা বিশ্ববিদ্যালয়ের বাস উল্টে ২৩ শিক্ষার্থী আহত
গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।
গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেলে অন্তত ২৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২৩ জন শিক্ষার্থী এবং বাসচালক রয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১০ জুন) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
উত্তরা ইউনিভার্সিটির ট্রান্সপোর্ট ম্যানেজার হুমায়ুন কবির জানান, বিশ্ববিদ্যালয়ের একটি বাস ৩০ জন শিক্ষার্থী নিয়ে রাজধানীর ক্যাম্পাস থেকে মাওনা চৌরাস্তার উদ্দেশে রওনা দেয়। বিকেলে বাসটি রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি সড়কের পাশে উল্টে যায়। এতে বাসে থাকা শিক্ষার্থীরা আহত হয়।
আহতদের মধ্যে রয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পূরবী ও মাহিমা; এফডিটি বিভাগের লায়লা, সারা, আফরিন ও লিমন; বিবিএ বিভাগের শান্ত, সালমান, নুসরাত ও বন্যা; গণিত বিভাগের বাপ্পি ও তুরিণ; ইংরেজি বিভাগের নেহা, নওশি তাবাসুম, মিরাজ, বিজয় ও তিথী; টেক্সটাইল বিভাগের নাজমুল; বাংলা বিভাগের তৃণা এবং ডিএনএফডিটি বিভাগের আজহমিরা, মীম, ঐশী ও ফাহিমা রয়েছেন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালে নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডা. তৌসিক সরকার জানান, আহতদের অধিকাংশই বাসের কাচ ভেঙে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। কয়েকজন বাসের ভেতরে চাপা পড়ে আহত হন। তবে কারো অবস্থা গুরুতর নয়। আহতদের মধ্যে বাসচালক এবং তৃণা নামে এক শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, আহতদের চিকিৎসা ও পরবর্তী প্রয়োজনীয় সহায়তার দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়েছে।
দুর্ঘটনাকবলিত বাসটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/রফিক/বকুল
হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু