বিগ ব্যাশে কি ডাক পাবেন নাহিদ?
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
অ্যালেক্স ক্যারি সরাসরি প্রস্তাব দিয়ে গেলেন নাহিদ রানাকে, ‘‘ও চাইলে অ্যাডিলেড স্ট্রাইকার্সে যোগ দিতে পারে।’’
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল অ্যাডিলেড স্ট্রাইকার্স। দলটির গুরুত্বপূর্ণ ক্রিকেটার ক্যারি। মিরপুরে গতকাল প্রথম ওয়ানডেতে নাহিদের বোলিং তোপে পুড়ে অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ছন্নছাড়া হয়েছে।
চার উইকেট নিয়ে নাহিদ নিজের সামর্থ্য জানান দিয়েছেন দারুণভাবে। এক ম্যাচ খেলেই নাহিদের প্রয়োজনীয়তা অনুভব করেছেন নিজের দলে। বিগ ব্যাশ নিয়ে প্রশ্ন উঠতেই ক্যারি আনন্দ নিয়ে বলেছেন, ‘‘হ্যাঁ অবশ্যই (নাহিদ বিগ ব্যাশে খেলার সামর্থ্য রাখে) । তার বোলিংয়ে গতি আছে। সঙ্গে বাউন্সও। অস্ট্রেলিয়ান উইকেটে এমনিতেই বাউন্স পাওয়া যায়। তার মতো প্রতিভাবানের সেখানে যাওয়া উচিত। সে চাইলে অ্যাডিলেড স্ট্রাইকার্সে যোগ দিতে পারে।’’
বিগ ব্যাশের গত আসরে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন আলো ছড়িয়ে সবার মন জয় করেছেন। নাহিদও তেমনই সম্ভাবনাময়। তাকে খেলার অভিজ্ঞতা জানাতে গিয়ে ক্যারি বলেছেন, ‘‘রানা সত্যিই খুব ভালো বোলিং করেছে। আমরা তার গতি সম্পর্কে জানতাম, কিন্তু মাঠে সরাসরি তাকে মোকাবিলা না করা পর্যন্ত বিষয়টি পুরোপুরি বোঝা যায় না। সে বেশ লম্বা একজন অ্যাথলেট এবং অতিরিক্ত বাউন্সও আদায় করতে পারে। সে দারুণ বোলিং করেছে।’’
ডানহাতি এই পেসারের তথ্য নিয়ে কাজ করেছেন ক্যারি। কিন্তু মাঠে খেলে তাকে আরও দুর্দান্ত মনে হয়েছে অস্ট্রেলিয়ার উইকেট রক্ষক ব্যাটসম্যানের, ‘‘আমরা তার হাইলাইটস দেখেছি, ভিডিও বিশ্লেষণ করেছি। বিশেষ করে দ্বিতীয় স্পেলে ফিরে এসে সে যেভাবে বোলিং করেছে, তখন আমরা জানতাম কী আসতে পারে। কিন্তু তারপরও আমরা তাকে খেলা থেকে দূরে রাখতে পারিনি। অবশ্য দ্রুতগতির বোলাররা ম্যাচে প্রভাব ফেলবে, সেটাই স্বাভাবিক। আশা করি পরের ম্যাচগুলোতে আমরা পরিস্থিতি বদলাতে পারব।’’
পিছিয়ে থাকা অস্ট্রেলিয়া পরের দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চায়, ‘‘আমরা শান্ত আছি। দিনটা আমাদের জন্য ভালো ছিল না। উন্নতির অনেক জায়গা রয়েছে, যা ইতিবাচক দিকও বলা যায়। এখন আমাদের লক্ষ্য বৃহস্পতিবার সিরিজে সমতা ফেরানো। আমাদের দারুণ কোচিং স্টাফ রয়েছে, অভিজ্ঞ খেলোয়াড়ও আছে, পাশাপাশি তরুণরাও শিখছে। তাই আমরা শান্ত থাকব এবং আগামী ২৪ ঘণ্টায় নিজেদের পারফরম্যান্স বিশ্লেষণ করব।’’
ঢাকা/ইয়াসিন//
হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু