বিশ্বকাপ দেখতে টাঙ্গাইলে কারাগারে টেলিভিশন দিলেন ডিসি
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বন্দিদের বিশ্বকাপ দেখার সুবিধার্থে পাঁচটি টেলিভিশন দিয়েছেন জেলা প্রশাসক।
আসন্ন বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সুবিধার্থে টাঙ্গাইল কারাগারে পাঁচটি টেলিভিশন দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) শরীফা হক। বুধবার (১০ জুন) দুপুরে জেল সুপার মো. আনোয়ার হোসেনের মাধ্যমে ৩২ ইঞ্চির পাঁচটি টেলিভিশন হস্তান্তর করা হয়।
আগামী ১১ জুন কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। ৪৮টি দল এবারের বিশ্বকাপে অংশ নেবে। খেলা চলবে ১৯ জুলাই পর্যন্ত।
জেল সুপার মো. আনোয়ার হোসেন জানান, কারাগারের ১৮টি ওয়ার্ডের মধ্যে ১৩টি টেলিভিশন সচল রয়েছে। বন্দিদের দাবির পরিপেক্ষিতে পাঁচটি টেলিভিশন দিয়েছেন জেলা প্রশাসক। বিশ্বকাপ ফুটবলের জন্য কারাগারে টিভি স্থাপনের মাধ্যমে কারাবন্দিদের মাঝে আনন্দ ও শৃঙ্খলা বৃদ্ধি পেয়েছে।
জেলা প্রশাসক শরীফা হক জানান, নিয়মিত জেলা কারাগার পরিদর্শনে গেলে বন্দিরা অনুরোধ করেন, তাদের জন্য বিশ্বকাপ ফুটবল দেখার ব্যবস্থা করার। একজন স্বাভাবিক মানুষের মতই কারাবন্দিদের অধিকার রয়েছে বিশ্বকাপ ফুটবলের আনন্দে শরীক হওয়ার। তাদের দাবির পরিপেক্ষিতে টেলিভিশন দেওয়া হয়েছে।
ঢাকা/কাওছার/বকুল
হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু