ঢাকা     বুধবার   ১০ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩ || ২৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৯, ১০ জুন ২০২৬   আপডেট: ২০:৩৬, ১০ জুন ২০২৬
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে অতি দ্রুত এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আরো পড়ুন:

বুধবার (১০ জুন) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদের এক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করেন।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, “নির্বাচনি ইশতেহার অনুযায়ী বর্তমান সরকারের লক্ষ্য হলো সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সাথে স্বাস্থ্য সেবা প্রদান করা।”

“সেই আলোকে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এখানে উল্লেখ করতে চাই স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে গ্রামের হতদরিদ্র মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করার লক্ষ্যে সর্বপ্রথম বাংলাদেশের সকল থানা সদরে (বর্তমান উপজেলা) ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল প্রতিষ্ঠা করেন এবং জনস্বাস্থ্যসেবার দ্বার উন্মোচন করেন।”

তিনি আরো বলেন, “পরবর্তীতে তারই উত্তরসূরি আপসহীন নেত্রী সাবেক তিন বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন সকল উপজেলা হাসপাতালকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করেন এবং স্বাস্থ্য সেবার দ্বার আরো প্রসারিত করেন।”

“একই পরিবারের গর্বিত সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী উপজেলা পর্যায়ের সব ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ১০১ শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং এরই মধ্যে মন্ত্রণালয় সিদ্ধান্ত বাস্তবায়নের কার্যক্রম শুরু করেছে,” বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি আরো বলেন, “শূন্য পদে জনবল নিয়োগ একটি চলমান প্রক্রিয়া, যার অংশ হিসেবে ৪৫তম বিসিএসে ৪৫০ জন, ৪৬তম বিসিএসে ১৬৮২ জন, ৪৭তম বিসিএসে ১৩৩১ জন এবং ৫০তম বিসিএসে ৬৫০ জন সহকারী সার্জন নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। সিনিয়র স্টাফ নার্সের শূন্য পদ পূরণের লক্ষ্যে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। মিডওয়াইফ পদ পূরণের লক্ষ্যে ১৯/০৪/২০২৬ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে ‘মিডওয়াইফ’ (১০ম গ্রেড) পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এছাড়া বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন অতিদ্রুত এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। অতি দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে কয়রা এবং পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শূন্য পদে পদায়ন করা হবে।”

ঢাকা/আসাদ/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়