দূরত্ব কমবে ৮০ কি.মি.
ঢাকা-চট্টগ্রাম রেলপথে কর্ড লাইন নির্মাণ করা হবে: অর্থমন্ত্রী
বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ঢাকা-চট্টগ্রাম রেলপথের ঢাকা-কুমিল্লা অংশে কর্ড লাইন নির্মাণ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত নতুন কর্ড লাইনটি নির্মিত হলে ঢাকা-চট্টগ্রামের মধ্যে দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমে আসবে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এ সব কথা জানান।
রেলপথে কর্ড লাইন হলো দুটি নির্দিষ্ট স্টেশনের মধ্যে দূরত্ব কমানোর জন্য তৈরি করা সবচেয়ে সংক্ষিপ্ত বা সরাসরি রেলপথ। এটি মূল বা প্রচলিত লাইনের বাঁক বা দীর্ঘ পথকে বাইপাস করে একটি সরল বা ছোট রুট তৈরি করে, যার ফলে যাত্রার দূরত্ব এবং সময় দুই-ই উল্লেখযোগ্যভাবে কমে যায়।
সংসদে অর্থমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথের ঢাকা-কুমিল্লা অংশে কর্ড লাইন নির্মাণ করার লক্ষ্যে প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে এবং ৩টি এলাইনমেন্টের মধ্যে নারায়ণগঞ্জের শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত একটি এলাইনমেন্ট প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে।
প্রস্তাবিত নতুন কর্ড লাইনটি নির্মিত হলে ঢাকা-চট্টগ্রামের মধ্যে দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমে আসবে এবং সামগ্রিক রুটের দূরত্ব ৩২০ কিলোমিটার থেকে কমে ২৪০ কিলোমিটারে নেমে আসবে। এর ফলে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে। ট্রেনের সময় বর্তমানের ৫ ঘণ্টা থেকে কমে মাত্র ৩.৫ ঘণ্টায় নেমে আসবে। পাশাপাশি, চট্টগ্রাম বন্দর, বে-টার্মিনাল এবং মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর থেকে আসা পণ্যবাহী ট্রেনগুলো বিদ্যমান লাইন চট্টগ্রাম-ফেনী-কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া-ভৈরব-নরসিংদী ব্যবহারের মাধ্যমে সরাসরি প্রস্তাবিত ধীরাশ্রম আইসিডির সঙ্গে সংযুক্ত হতে পারবে, যা দেশের অর্থনীতি ও লজিস্টিকস খাতকে আরো শক্তিশালী করবে।
ঢাকা/নঈমুদ্দীন/বকুল