ঢাকা     শুক্রবার   ১২ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩ || ২৬ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে ভ্রাম্যমাণ পাঠাগারের ৩০০ বই জব্দ

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪০, ১২ জুন ২০২৬   আপডেট: ১০:৪২, ১২ জুন ২০২৬
রাজশাহীতে ভ্রাম্যমাণ পাঠাগারের ৩০০ বই জব্দ

ছবি: সংগৃহীত

রাজশাহীতে সংস্কৃতি মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদপ্তর ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ পাঠাগার থেকে প্রায় ৩০০ বই জব্দ করেছে জেলা প্রশাসন। বইগুলো শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সম্পর্কিত বলে জানা গেছে। এর আগে পাঠাগারের এসব বই নিয়ে আপত্তি জানিয়েছিল রাজশাহী মহানগর ছাত্রদল।  

আরো পড়ুন:

গত বুধবার (১০ জুন) সকাল ১১টার দিকে রাজশাহী কলেজে ভ্রাম্যমাণ পাঠাগারের বাস যায়। এসময় ছাত্রদলের নেতারা শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সম্পর্কিত বই দেখতে পান। পরে পাঠাগারের বাসটি দুপুরে জেলা প্রশাসক অফিসে নিয়ে যাওয়া হয়। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম পাঠাগারটিতে তল্লাশি চালিয়ে বইগুলো জব্দ করেন। 

ভ্রাম্যমাণ পাঠাগারের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, “রাজশাহীতে বই সংরক্ষণের আলাদা কোনো জায়গা না থাকায় বইগুলো বাসের মধ্যেই রাখা হয়েছিল। তবে এসব বই কাউকে পড়তে দেওয়া হতো না।।”

রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন জানান, ছাত্রদলের নেতাকর্মীরা ভ্রাম্যমাণ লাইব্রেরিতে বই পড়তে যান। এসময় পাঠাগারের বাসে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের বই পাওয়া যায়। পরে বাসটিকে জেলা প্রশাসক কার্যালয়ে নেয়া হয়।

মহানগর ছাত্রদলের আহবায়ক রাকিন রায়হান রবিন বলেন, স্বৈরাচার পতনের পর তাদের বই পাওয়া মানে সর্ষের মধ্যে ভূত রয়েছে। একটি গোষ্ঠী আওয়ামী লীগকে পুনর্বাসনে কাজ করছে। আমরা বইগুলো জব্দ এবং দোষীদের শাস্তি চাই।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন গণগ্রন্থাগার অধিদপ্তর ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে পরিচালিত দেশব্যাপী ভ্রাম্যমাণ পাঠাগার কার্যক্রমটি প্রান্তিক পর্যায়ে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে ভূমিকা রাখে

ঢাকা/মাহী/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়