বাকলিয়ায় আড়াই কোটি টাকার মদ জব্দ, গ্রেপ্তার ৫
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
জব্দকৃত মদ
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের বিদেশি মদ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলায়মান এ তথ্য জানান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ২৭ মে রাত ১২টা থেকে বৃহস্পতিবার (২৮ মে) ভোর ৬টা পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন সহকারী পুলিশ কমিশনার (এলআইসি) মোহাম্মদ শরীফুল আলম চৌধুরী সুজন।
পুলিশ জানায়, বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকায় অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৪৪৮ লিটার বিদেশি মদ জব্দ করা হয়। জব্দ মদের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন- বাগেরহাটের রামপাল এলাকার মো. জসীম শেখ (৩০), চট্টগ্রামের লোহাগাড়ার আশীষ কান্তি নাথ (৪৮), ভোলার লালমোহনের মো. আল এমরান (৪২), চট্টগ্রাম বন্দরের পূর্ব নিমতলার মো. ওমর ফারুক (৪৩) এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মো. আজহারুল ইসলাম সরকার (৪৪)।
পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ও ঢাকাকেন্দ্রিক একটি চক্রের মাধ্যমে অবৈধভাবে বিদেশি মদ সরবরাহ ও বিপণনের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
চট্টগ্রাম মেট্রোপলিট্ন পুলিশ (সিএমপি) সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঈদকে সামনে রেখে নগরীতে অবৈধ মাদক ও মাদকজাত পণ্যের বিস্তার ঠেকাতে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
ঢাকা/রেজাউল/মাসুদ
হামে আক্রান্ত-উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু