ঈদের পর ছুটি মিললেও তা হলো জীবনের শেষ ছুটি, বাড়ি গেল রুবেলের লাশ
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
ময়মনসিংহে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে রুবেল মিয়া (৩২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) দুপুর ১২টার দিকে নগরীর সানকিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রুবেল জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার দপরপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মালেকের ছেলে। তিনি ঢাকায় একটি দেয়াল ঘড়ি তৈরির কারখানায় কাজ করতেন।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন বলেন, “ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন সানকিপাড়া এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত ট্রেনের দুই বগির মাঝখানে পড়ে যান রুবেল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।”
জামালপুর রেলওয়ে থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, “রুবেল ঢাকার একটি দেয়াল ঘড়ির কারখানায় কাজ করতেন। ঈদের আগে ছুটি না পাওয়ায় ঈদের দুদিন পর ছুটিতে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ট্রেনের ছাঁদ থেকে পড়ে তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তার লাশ বাড়িতে নিয়ে গেছেন।”
ঢাকা/মিলন/রাজীব
হামে আক্রান্ত-উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু