ঢাকা     শনিবার   ৩০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩ || ১৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দুই ভবনের ফাঁকে আটকা কুকুর উদ্ধার করল ফায়ার সার্ভিস

লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৮, ৩০ মে ২০২৬   আপডেট: ২০:৩৫, ৩০ মে ২০২৬
দুই ভবনের ফাঁকে আটকা কুকুর উদ্ধার করল ফায়ার সার্ভিস

দুই ভবনের ফাঁকে আটকে ছিল একটি প্রাণ। বের হওয়ার কোনো পথ নেই। ছিল না খাবার কিংবা পানির ব্যবস্থা। শুধু বাঁচার আকুতি জানিয়ে একের পর এক চিৎকার করে যাচ্ছিল অবলা প্রাণীটি। অবশেষে দীর্ঘ এক ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে কুকুরটি জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার অডিটোরিয়াম এলাকার খন্দকার ব্রাদার্স ও হারুন অটো পার্টসের ভবনের মাঝখানে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনের মাঝখানে মাত্র কয়েক ইঞ্চি ফাঁকা জায়গায় আটকে পড়ে কুকুরটি। ধারণা করা হচ্ছে, খাবারের সন্ধানে বা চলাচলের সময় সংকীর্ণ ওই ফাঁকে ঢুকে পড়ে আর বের হতে পারেনি প্রাণীটি। এভাবে দিন গড়িয়ে প্রায় একদিন পার হলেও মুক্তি মেলেনি তার। এ সময় কুকুরটির করুণ চিৎকারে শব্দের উৎস খুঁজতে যান হারুন অটো পার্টসের মালিক হারুন।

তিনি দেখেন, দুই ভবনের মাঝখানে অসহায় অবস্থায় আটকে আছে কুকুরটি। নিজের চেষ্টায় বের হওয়ার সব পথ বন্ধ হয়ে যাওয়ায় ততক্ষণে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল প্রাণীটি।

হারুন জানান, লোকজন বিষয়টি হাতীবান্ধা প্রথমে ফায়ার সার্ভিসকে জানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের সদস্যরা। কুকুরটিকে জীবিত উদ্ধারে শুরু হয় এক শ্বাসরুদ্ধকর অভিযান। সংকীর্ণ জায়গা হওয়ায় উদ্ধারকাজ ছিল বেশ চ্যালেঞ্জিং। অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রায় এক ঘণ্টা ধরে চলে এই উদ্ধার তৎপরতা। অবশেষে দেয়ালের একাংশ ভেঙে সব বাধা পেরিয়ে কুকুরটিকে নিরাপদে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার শাহিন খান বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলের গিয়ে কুকুরটি উদ্ধার করেছি। যদিও দেয়ালের একাংশ ভেঙে ফেলতে হয়েছে।”

ঢাকা/নিয়াজ/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়