ঢাকা     শনিবার   ৩০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩ || ১৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রোনালদোকে নিয়ে বড় মন্তব্য মার্তিনেজের, ‘২০৩০ বিশ্বকাপ খেলতে পারে’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৭, ৩০ মে ২০২৬  
রোনালদোকে নিয়ে বড় মন্তব্য মার্তিনেজের, ‘২০৩০ বিশ্বকাপ খেলতে পারে’

পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ২০৩০ বিশ্বকাপও খেলতে পারেন, এমন আশার কথা বলেছেন পর্তুগালের প্রধান কোচ রবার্তো মার্তিনেজ। ২০৩০ সালের যৌথ আয়োজক পর্তুগাল। স্পেন ও মরক্কোর সঙ্গে ফুটবল বিশ্বের সবচেয়ে জমকালো ও বড় বিশ্বকাপ আয়োজন করবে ইউরোপের দেশ। 

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা বিশ্বকাপে পর্তুগালের হয়ে খেলবেন রোনালদো। নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলার অপেক্ষায় সিআর সেভেন। অনেকেই মনে করছেন, ঘরের মাঠে ২০৩০ বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা খুবই কম। তবে পর্তুগালের প্রধান কোচ রবার্তো মার্তিনেজ এ বিষয়ে ভিন্ন মত পোষণ করলেন। 

আরো পড়ুন:

বৃহস্পতিবার স্প্যানিশ রেডিও স্টেশন সানেডা সের-এ দেওয়া এক সাক্ষাৎকারে মার্তিনেজ বলেছেন, “কেউ যেন সন্দেহ না করে যে সে (রোনালদো) ২০৩০ বিশ্বকাপে খেলতে পারে। সে তা অর্জন করতে পারে।’’

২০০৩ সালের আগস্টে মাত্র ১৮ বছর বয়সে পর্তুগালের জার্সিতে অভিষেক হওয়া রোনালদো বর্তমানে দেশের ইতিহাসে সর্বাধিক ২২৬ ম‌্যাচ খেলেছেন। করেছেন সর্বাধিক ১৪৩ গোল। তার নেতৃত্বে ২০১৬ সালে ইউরো জিতেছিল পর্তুগাল। এছাড়া ২০০৬ সালে রোনালদো দলকে চতুর্থ স্থানে নিয়ে যান যা ১৯৬৬ সালের তৃতীয় স্থানের পর পর্তুগালের সেরা সাফল‌্য ছিল। 

২০২২ সালের কাতার বিশ্বকাপে ঘানার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে রোনালদো বিশ্বকাপ ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েন। যদিও শেষটা তার সুখকর ছিল না। শুরুর একাদশ থেকে বাদ পড়া, সাইড লাইনে বসে থাকার মতো অপ্রীতিকর ঘটনাও ঘটেছিল। সেসব পেছনে ফেলে নতুন উদ্যমে আরেকটি বিশ্বকাপ রাঙানোর অপেক্ষায় রোনালদো।  

রোনালদোর দীর্ঘ ক্যারিয়ারের রহস্য সম্পর্কে মার্তিনেজ বলেন, “আমি এমন অনেক খেলোয়াড়ের সঙ্গে কাজ করেছি যারা চ্যাম্পিয়ন্স লিগ বা ব্যালন ডি’অর জয়ের পরের দিনই ক্ষুধা হারিয়ে ফেলেছে। কিন্তু রোনালদো সম্পূর্ণ ভিন্ন মানসিকতার উদাহরণ।”

“আমি বিশ্বাস করি, তার লক্ষ্য অর্জনের অদম্য ইচ্ছাই তাকে এত দীর্ঘ সময় ধরে খেলতে সাহায্য করছে। অবশ্যই এর পেছনে জেনেটিক সুবিধা আছে, নিজের শরীরের যত্নে তার কঠোর পরিশ্রম আছে, এবং এমন সব পদ্ধতি ব্যবহার করার মানসিকতা আছে যা তাকে ফিট থাকতে সহায়তা করে।” - যোগ করেন তিনি। 

৪৮ দলের এবারের বিশ্বকাপের পর্তুগাল রয়েছে গ্রুপ কে-তে। আগামী ১৭ জুন পর্তুগাল তাদের প্রথম ম্যাচে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের মুখোমুখি হবে।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়