ঢাকা     শনিবার   ৩০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩ || ১৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া অনেক বেশি শক্তিশালী: দুলু

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৪, ৩০ মে ২০২৬  
জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া অনেক বেশি শক্তিশালী: দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “শহীদ জিয়াকে হত্যা করে তার আদর্শকে মুছে ফেলা যায়নি। জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া অনেক বেশি শক্তিশালী।”

শনিবার (৩০ মে) দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে নাটোর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দুলু বলেন, ‌“যারা ৪৫ বছর আগে জিয়াউর রহমানকে হত্যা করেছিল, তারা ভেবেছিল বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে। কিন্তু ইতিহাস প্রমাণ করেছে, বিএনপি আজ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে। দেশের মানুষ দলমত নির্বিশেষে বিএনপির প্রতি সমর্থন জানিয়েছে এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দলটি কাজ করে যাচ্ছে।”

তিনি আরো বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে বর্তমান নেতৃত্ব দেশ গঠনে কাজ করছে। দেশের মানুষের অধিকার, গণতন্ত্র এবং উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠায় বিএনপি অঙ্গীকারবদ্ধ।”

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ঢাকা/আরিফুল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়