ঢাকা     শনিবার   ৩০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩ || ১৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদ শেষে ঢাকায় ফিরছেন মানুষ, কেউ যাচ্ছেন বাড়িতে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৬, ৩০ মে ২০২৬  
ঈদ শেষে ঢাকায় ফিরছেন মানুষ, কেউ যাচ্ছেন বাড়িতে

ছবি: রাইজিংবিডি

ঈদের আনুষ্ঠানিকতা দুই দিন আগে শেষ হলেও এখনো ঢাকার বাস টার্মিনালগুলোতে কাটেনি ঈদযাত্রার আমেজ। ঈদের তৃতীয় দিনেও বাড়ি ফিরছেন মানুষ। একদিকে যেমন নাড়ির টানে ঢাকা ছাড়ছেন মানুষ, আবার অন্যদিকে ছুটি শেষ করে কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরতে শুরু করেছেন অনেকে। টার্মিনালগুলোতে এখন ঢাকা ছাড়া এবং ঢাকা ফেরার চিত্র দেখা যাচ্ছে।

শনিবার (৩০ মে) বিকেলে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল গিয়ে দেখা যায়, ঢাকা ছাড়াছেন অনেক যাত্রী। এর মধ্যে অধিকাংশ নিম্ন আয়ের মানুষ, যারা ঈদের দিন ঢাকায় কোরবানির কাজের সঙ্গে জড়িত ছিলেন। এখন মাংসের ব্যাগ পরিবারের কাছে যাচ্ছেন। অন্যদিকে অনেক বেসরকারি চাকরিজীবীদের আগামী থেকে অফিস খুলছে, তারা আবার চেনা যান্ত্রিক শহরে পা রাখছেন। তবে এই দুইমুখী চাপের মাঝেও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেন যাত্রীরা।

আরো পড়ুন:

রংপুরগামী যাত্রী রাসেল আক্তার। তিনি রাইজিংবিডি ডটকমকে বলেন, “আমি ঢাকায় কোরবানির গরু কাটছি। গতকালই আমার যাওয়া কথা ছিল, কিন্তু একজন বাড়িওয়ালা তার গরু কাটার জন্য রেখে দিয়েছে। অবশ্য তিনি আমাকে ভালো মাংস দিয়েছে।তাই আজকে যাওয়া লাগছে। আমাদের মত গরিব মানুষের জন্য ঈদের দিন বলে কিছু নেই, ছেলে মেয়েদের মুখে ঈদের মাংস তুলে দিতে পারলেই আমাদের ঈদ। তবে আজকে আমার কাজ থেকে বাসে ২০০ টাকা বেশি ভাড়া নিয়েছে।”

কুষ্টিয়া আরেক যাত্রী গৃহকর্মী হারেসা বানু। তিনি রাইজিংবিডি ডটকমকে বলেন, “আমি ঢাকায় একটি বাসায় কাজ করি। বাড়িতে আমার ছেলে-মেয়েরা আছে। যেই বাসায় কাজ করছি সেই বাসার ম্যাডাম আমাকে ছুটি দিয়েছে আর বাড়ির জন্য কিছু মাংস দিয়েছে, তা নিয়ে বাড়ি যাচ্ছি। আমাদের জন্য ঈদ আর সাধারণ দিন একই। কারণ বছরের ৩৬৫ দিনই আমাদের কাজ করতে হয়।”

ঢাকায় ফিরেছেন বেসরকারি চাকরিজীবী মো. আহসান ওয়াহীদ। তিনি রাইজিংবিডি ডটকমকে বলেন, “ঈদের ছুটিটা খুব দ্রুতই কেটে গেল। আমাদের অফিস আগামীকাল থেকে খোলা। তাই আজকে চলে আসছি। আসার পথে কোন ভোগান্তি হয়নি, সুন্দর ভাবে আসতে পেরেছি। পরিবারকে গ্রামে রেখে একাই আসতে হলো, মনটা খারাপ হলেও জীবিকার টানে তো ফিরতেই হবে।”

গাবতলীর বাস টার্মিনালের এসআর ট্র্যাভেলস কাউন্টার মাস্টার মহিউদ্দিন খান। তিনি রাইজিংবিডি ডটকমকে বলেন, “আজকে দুইমুখী যাত্রীদের চাপ রয়েছে। তবে যাওয়ার সংখ্যাটা বেশি, আসার সংখ্যাটা। আগামীকাল থেকে ঢাকায় আসার যাত্রীদের চাপ বেশি থাকবে। কারণ আমরা অগ্রিম টিকিট বিক্রি হিসেবে আগামীকালের ভালো টিকিট বিক্রি করেছি।”

বাড়তি ভাড়া অভিযোগ সম্পর্কে তিনি বলেন, “অনেক যাত্রী না জেনে অভিযোগ করে। জ্বালানির দাম বাড়ার পড় অনেকে বাড়ি যায়নি বা দাম যে বাড়ানো হয়েছে তা জানেন না। তাই এমন অভিযোগ করেন।”

ঢাকা/রায়হান/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়