ঢাকা     সোমবার   ১৫ জুন ২০২৬ ||  আষাঢ় ১ ১৪৩৩ || ২৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘জীবন হাস্যরসের গল্প নয়, জীবন একটি যুদ্ধ’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৮, ১৫ জুন ২০২৬   আপডেট: ০৮:২৬, ১৫ জুন ২০২৬
‘জীবন হাস্যরসের গল্প নয়, জীবন একটি যুদ্ধ’

হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় কমেডিয়ান জন প্রকাশ রাও জানুমালা। সিনেমাপ্রেমীরা যাকে জনি লিভার নামেই চেনেন। ব্যক্তিগত জীবনে দুই সন্তানের বাবা জনি। মেয়ের নাম জেমি লিভার ও ছেলের নাম জেসি লিভার। বাবার পথ অনুসরণ করে অভিনয়ে নাম লেখিয়েছেন জেমি লিভার। বেশ কটি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। তবে পুত্র জেসি এখনো রুপালি জগতে পা রাখেননি। কিশোর বয়সে জেসি ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন, সেই সংগ্রামের গল্প জানিয়েছেন জনি লিভার। 

ক্যানসারের সঙ্গে জেসির লড়াইয়ের কথা স্মরণ করে জনি লিভার বলেন, “তখন তার বয়স মাত্র দশ বছর। তার ঘাড়ে একটি টিউমার ধরা পড়ে। চিকিৎসকরা বলেছিলেন, টিউমারটি অপসারণ করা খুব কঠিন হবে। কারণ অস্ত্রোপচারের সময় যদি কোনো শিরা কেটে যায়, তাহলে সে প্যারালাইজড হয়ে যেতে পারে। পরে আমরা তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাই, সেখানে সে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে।”

পুত্র অসুস্থ হওয়ার পর জনি লিভার শিখেছেন—জীবন অনিশ্চিত। তার ভাষায়, “পেশাগত দিক থেকেও আমার খারাপ সময় যাচ্ছিল। আমি আমার সন্তানদের নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছি, তাদের সঙ্গে সময় কাটিয়েছি। জেসি সুস্থ হয়ে ওঠে, আর সেই সময়টা আমাকে শিখিয়েছিল, জীবনে যেকোনো কিছু ঘটতে পারে।”

স্ত্রীর সহযোগিতার কথা জানিয়ে জনি লিভার বলেন, “আমার স্ত্রী আমাকে অসাধারণভাবে সমর্থন করেছে। তাকে ছাড়া আমি কিছুই ছিলাম না। শুধু আমার নয়, পুরো পরিবারের দেখাশোনা সে করেছে। কারণ আমরা একটি যৌথ পরিবারে বাস করতাম। পরিবারের ব্যাপারে আমাকে কখনো চিন্তাও করতে হয়নি।”

এই কঠিন সময় থেকে আপনি কী শিক্ষা পেয়েছেন? জবাবে জনি লিভার বলেন, “সাফল্য অর্জন করা সহজ, কিন্তু তা ধরে রাখা খুবই কঠিন। চলচ্চিত্র জগতে যখন আপনি অর্থ, যশ-খ্যাতি অর্জন করেন, তখন মনে হয়—এগুলো চিরকাল থাকবে। কিন্তু হঠাৎ করেই জীবন থমকে যায়। চারপাশে এক ধরনের অন্ধকার নেমে আসে, কেউ আর আপনাকে দেখতে পায় না বা গুরুত্ব দেয় না।। আমার ছেলের কষ্ট আমাকে শিখিয়েছে যে, ‘জীবন কোনো হাস্যরসের গল্প নয়। জীবন একটি যুদ্ধ, আর সেই যুদ্ধের জন্য আপনাকে সবসময় প্রস্তুত থাকতে হবে।”

*ফিল্মফেয়ার অবলম্বনে

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়