তাওহীদ মোসাদ্দেক লিটনের ফিফটিতে বাংলাদেশের পুঁজি ২৭৪
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
২০১৫ সালে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লিটন দাসের অভিষেক। ১১ বছর পর লিটন মিরপুরে প্রথম ফিফটির দেখা পেলেন! পাঠক ভুল পড়ছেন না। আশ্চর্যজনক হলেও সত্য মিরপুরে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি আজই পেলেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে করলেন ৫৮ রান। লিটন বাদে ফিফটির দেখা পেয়েছেন তাওহীদ হৃদয় ও মোসাদ্দেক। তাওহীদ সর্বোচ্চ ৮৩ ও মোসাদ্দেক করেন ৫৬ রান। ত্রয়ীর ফিফটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে ৫ উইকেটে ২৭৪ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ। ২-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়ার আজ হোয়াইটওয়াশ এড়াতে বড় চ্যালেঞ্জের মুখোমুখি।
লিটন এর আগে মিরপুরে ২৭ ইনিংস খেলেছেন। কিন্তু ফিফটি ছোঁয়া ইনিংস ছিল না একটিও। চল্লিশের ঘরে আউট হয়েছেন চারবার। আজও নাটকীয়ভাবে পেলেন মাইলফলকের দেখা। পায়ে ক্র্যাম্প করায় মাঠ থেকে উঠে যেতে বাধ্য হন। তখন তার নামের পাশে অপরাজিত ৪৮ রান। আবার ক্রিজে ফিরতে পারবেন কিনা সেই নিশ্চয়তা ছিল না। শেখ মাহেদী সেই সুযোগ করে দেন। যখন ক্রিজে আসেন তখন ইনিংস শেষ হতে বাকি মাত্র ৮ বল। ভাগ্য পাশে থাকায় বাকি সময়টুকুতে মিরপুরে প্রথম ও সব মিলিয়ে ১৪তম ফিফটি তুলে নেন।
মিরাজের পরিবর্তে এই ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছেন শান্ত। মাথায় আঘাত পাওয়ায় মিরাজকে আজ বিশ্রামে রেখেছে টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি। সৌম্য সরকার ২ ও তানজিদ ১৯ রানে থেমে যান। অধিনায়ক নাজমুল বেশিদূর যেতে পারেননি। ২৪ রানে থেমে যায় তার ইনিংস।
সেখান থেকে লিটনের ঝলমলে ৫৮, তাওহীদের দায়িত্বশীল ৮৩ ও মোসাদ্দেকের অপরাজিত ৫৬ রানে বাংলাদেশ ভালো পুঁজি পেয়েছে। তাওহীদের সেঞ্চুরির সুযোগ ছিল। ৮৮ বলে ৮ বাউন্ডারিতে ইনিংসটি সাজান। এরপর দারউসের বলে ক্যারির হাতে ক্যাচ দেন। মোসাদ্দেক ৫ চার ও ১ ছক্কায় ৫১ বলে করেন ৫৬ রান। ফেরার সিরিজে মোসাদ্দেক সর্বোচ্চ ১৫৭ রান করেছেন।
ব্যাটসম্যানরা দায়িত্ব ঠিকঠাক পালন করে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে। এবার বোলারদের ভূমিকা রাখার পালা।
ঢাকা/ইয়াসিন
হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩