ঢাকা     রোববার   ১৪ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩ || ২৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জিয়াউর রহমানের জীবন ও দর্শন নিয়ে গবেষণার আহ্বান ফখরুলের

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৯, ১৪ জুন ২০২৬   আপডেট: ১৫:১০, ১৪ জুন ২০২৬
জিয়াউর রহমানের জীবন ও দর্শন নিয়ে গবেষণার আহ্বান ফখরুলের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জিয়াউর রহমানের জীবন, চিন্তা-ভাবনা ও রাষ্ট্রদর্শন নিয়ে দেশে পর্যাপ্ত গবেষণা হয়নি। তিনি মনে করেন, এটি ইতিহাসের প্রতি এক ধরনের অবিচার।

আরো পড়ুন:

রবিবার (১৪ জুন) জাতীয় প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মরণে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মির্জা ফখরুল ইসলাম জিয়াউর রহমানকে নিয়ে গবেষণার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, “জিয়াউর রহমান সম্বন্ধে আলোচনা করতে গেলে এত অল্প পরিসরে তা হয় না।  তার ওপরে গবেষণা অপ্রতুল। আমার মনে হয়, এটা ইতিহাসের প্রতি কিছুটা আপনার এক ধরণের অবিচার করা হচ্ছে। যে সমস্ত তরুণেরা এখানে উপস্থিত আছেন, তাদের একটা সুযোগ আছে জিয়াউর রহমানের পুরো জীবন নিয়ে, তার চিন্তা-ভাবনাগুলো নিয়ে গবেষণা করা।”

শফিক রেহমানের একটি বইয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এখন পর্যন্ত আমি যতটুকু বই পড়েছি আমার কাছে মনে হচ্ছে, আমাদের বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান সাহেব, উনার বইটাই আমাদের কাছে সবচেয়ে ভালো লাগে এবং  গবেষণা করে এই কাজগুলো উনি করছেন।”

জিয়াউর রহমানের সবচেয়ে বড় অবদান হিসেবে ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’-এর ধারণাকে উল্লেখ করেন বিএনপি মহাসচিব বলেন, “আমি তো একজন বাংলাদেশী’—আমাদের এই পেপারটা কিন্তু আগে ছিল না। আমি যে পশ্চিমবঙ্গীয় বাঙালি নই, আমি এই ভূখণ্ডের একজন নাগরিক এবং আমার যাওয়ার একটা স্থান আছে, এটা তিনি এস্টাবলিশ করেছেন তার ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ প্রসূত। আমি তো এই কাজটা প্রথম এবং সবচেয়ে বড় কাজ মনে করি।”

গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে জিয়াউর রহমানের ভূমিকার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “তিনি কিন্তু সেইদিন একটা জিনিস বিশ্বাস করতেন, গণতন্ত্র হচ্ছে সবচেয়ে উত্তম। যদিও সেটা একেবারেই একমাত্র নয়, কিন্তু এটা একটা উত্তম শাসন ব্যবস্থা। ১৯৭৫ সালের পর রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ থাকার প্রেক্ষাপটে জিয়াউর রহমান গণতন্ত্রে বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক শক্তিকে একত্রিত করার উদ্যোগ নেন।’’

বিএনপির চরিত্র ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “তিনি বিএনপিকে তৈরি করতে পেরেছেন। একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল। ... লিবারেল ডেমোক্রেসি, উদারপন্থী রাজনৈতিক দল, কোনো রেজিমেন্টের রাজনৈতিক দল নয়। সকল মানুষের একটি রাজনৈতিক দল, এটা।”

অর্থনৈতিক ক্ষেত্রে জিয়াউর রহমানের অবদানের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, “১৯৭৪ সালে দুর্ভিক্ষ হয়েছিল... উনি তখন এসে বললেন যে, এটা মানুষ সৃষ্টি। অর্থাৎ আওয়ামী লীগের ব্যর্থতার কারণে দুর্ভিক্ষ হয়েছিল, যেখানে লক্ষ লক্ষ মানুষ মারা গেছিল। দুর্ভিক্ষ-পরবর্তী হতাশাগ্রস্ত দেশকে স্থিতিশীলতার পথে নিয়ে যেতে ভূমিকা রেখেছিলেন জিয়াউর রহমান। সেই দেশটিকে তিনি স্থিতির ওপরে নিয়ে এসেছেন।”

জিয়াউর রহমানের শাহাদাতের পর তার জানাজায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কথা স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, “আপনারা লক্ষ্য করে দেখবেন, জিয়াউর রহমানের জানাজার... তার শাহাদাতের পরে এই জানাজায় লক্ষ লক্ষ মানুষ অংশ নিয়েছে। এবং সব শান্তভাবে, কোথাও কোনো স্লোগান নেই, কোনো কথা নেই, চোখের পানি পড়ছে।”

জানাজার সময়ের একটি ঘটনা উল্লেখ করে ফখরুল বলেন, “দোয়ার মধ্যে বললেন, ‘আল্লাহ্, বাংলাদেশকে হেফাজত কর।’ তখন কিন্তু গোটা জানাজায় একটা নীরবতা, লক্ষ লক্ষ মানুষের ডুকরে কেঁদে ওঠে।”

খেলাধুলা, সংস্কৃতি, সংগীত, কৃষি ও গবেষণা খাতে জিয়াউর রহমানের অবদানের কথাও তুলে ধরেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, “আজকে সাবিনা ইয়াসমিন তো দেশের অন্যতম একজন নামকরা শিল্পী। এভাবেই তিনি করেছেন।”

কৃষি গবেষণার প্রসঙ্গে তিনি বলেন, “রাইস রিসার্চ ইনস্টিটিউট, জুট রিসার্চ ইনস্টিটিউট, সুগারক্যান রিসার্চ ইনস্টিটিউট, প্রত্যেকটা গিয়ে দেখবেন যে জিয়াউর রহমানের একটা বড় অবদান আছে।”

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার ক্ষেত্রেও জিয়াউর রহমানের ভূমিকার কথা উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, “পৃথিবীতে বাংলাদেশের... কোনো নাম ছিল না, তো আরো নাম ছিল ঐ যে আপনার তলাবিহীন ঝুড়ি। তিনি জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে জাপানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নিরাপত্তা কাউন্সিলের মেম্বার হলেন। তার দূরদৃষ্টি ছিল।”

তিনি আরও বলেন, “এই যে আপনারা এখন এত রেমিট্যান্সের কথা বলেন, এই গার্মেন্টসের কথা বলেন, কে শুরু করেছে? জিয়াউর রহমান।”

জিয়াউর রহমানকে নিয়ে সমালোচনার জবাবে বিএনপি মহাসচিব বলেন, “জিয়াউর রহমানের কোনো ক্ষতি হয়নি। জিয়াউর রহমান, জিয়াউর রহমানই আছেন।”

তিনি আরও বলেন, “হিস্ট্রি হ্যাজ অলরেডি ওনারড হিম (History has already honored him)। হিস্ট্রি জিয়াউর রহমানকে একই ভাষায় ভূষিত করেছে। বাংলাদেশী, বিএনপির যে স্বপ্ন, একটি স্বাধীন বাংলাদেশ... আমরা জিয়াউর রহমানকে অনুসরণ করি।”

জিয়াউর রহমানের ব্যক্তিগত সততার প্রসঙ্গ টেনে তিনি একটি বিদেশি নাগরিকের মন্তব্যও তুলে ধরেন। তার ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি বলেছিলেন, “আমি এশিয়ান অনেক প্রেসিডেন্ট দেখেছি, আমি এইরকম একজন সৎ প্রেসিডেন্ট দেখলাম, আই মিন জিয়াউর রহমান।”
এসময় আরও উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রেস ক্লাবে সভাপতি হাসান হাফিজ, বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীসহ জাতীয় প্রেসক্লাবের নেতা কর্মী ও সদস্যরা।

ঢাকা/নজরুল//

সর্বশেষ

পাঠকপ্রিয়