ঢাকা     রোববার   ১৪ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩ || ২৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন এমপি আমির হামজা

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ১৪ জুন ২০২৬   আপডেট: ১৬:৪২, ১৪ জুন ২০২৬
আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন এমপি আমির হামজা

জামিন পেয়ে আদালত থেকে বেরিয়ে আসছেন সংসদ সদস্য আমির হামজা।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু-কে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের হওয়া মানহানির মামলায় সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজা।

আরো পড়ুন:

রবিবার (১৪ জুন) দুপুর আড়াইটার দিকে আমির হামজা সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে হাজির হন। পরে জামিন আবেদনের শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কুমার সূত্রধর তার জামিন আবেদন মঞ্জুর করেন।

আদালতে তার পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আবু তালেব।  মামলার বাদীপক্ষে ছিলেন সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কর্নেল।

সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম জামিন পাওয়ার তথ্য জানিয়েছেন। 

সিরাজগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী আমিনুল ইসলাম মল্লিক জানান, এমপি আমির হামজা হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় আজ (রবিবার) দুপুর আড়াইটায় তিনি সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করে নিয়মিত জামিন আবেদন করেন। আদালতের বিচারক জামিন আবেদন মঞ্জুর করেন।

মামলার বাদী অ্যাডভোকেট হুমায়ুন কবির জানান, সিরাজগঞ্জের কৃতী সন্তান ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা দিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন আমির হামজা। এতে ধর্মপ্রাণ মানুষ ও টুকুর অনুসারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

মামলার সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে বক্তব্য দেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। পরে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের আগে আলোচনায় সেই বক্তব্যকে কেন্দ্র করে টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেন আমির হামজা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে অ্যাডভোকেট হুমায়ুন কবির মামলাটি দায়ের করেন।

বহুল আলোচিত এ মামলা ঘিরে আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়। 

ঢাকা/রাসেল/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়