ঢাকা     রোববার   ১৪ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩ || ২৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রোলেক্স রহস্য: শাকিব-পূর্ণিমার ‘চাঁদ তারার গুঞ্জরণ’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৩, ১৪ জুন ২০২৬  
রোলেক্স রহস্য: শাকিব-পূর্ণিমার ‘চাঁদ তারার গুঞ্জরণ’

একসময়ের জনপ্রিয় জুটি শাকিব খান ও পূর্ণিমাকে দীর্ঘদিন পর একসঙ্গে দেখে নস্টালজিক হয়ে পড়েছেন তাদের ভক্ত-অনুরাগীরা।

আরো পড়ুন:

চ্যানেল আইয়ের ঝলমলে স্টুডিও পরিণত হয়েছিল স্মৃতি, আড্ডা আর চমকের মঞ্চে। মুখোমুখি বসেছিলেন ঢালিউডের জনপ্রিয় দুই তারকা শাকিব খান ও পূর্ণিমা। দীর্ঘদিনের সহকর্মী এই দুই শিল্পীর প্রাণবন্ত কথোপকথনে উঠে আসে ক্যারিয়ারের নানা স্মরণীয় মুহূর্ত, ব্যক্তিগত অনুভূতি এবং অজানা কিছু গল্প।

অনুষ্ঠানের একপর্যায়ে পূর্ণিমার নজর পড়ে শাকিব খানের হাতে থাকা নতুন রোলেক্স ঘড়ির দিকে। হাসিমাখা মুখে তিনি জানতে চান, ঘড়িটির পেছনের রহস্য কী? প্রশ্ন শুনে রহস্যময় হাসিতে জবাব দেন শাকিব। এরপর পূর্ণিমার একের পর এক প্রশ্নে জমে ওঠে পুরো আড্ডা। দর্শকদের জন্য উন্মোচিত হয় শাকিব খানের জীবন, ভালোবাসা, সম্পর্ক এবং তারকাখ্যাতির আড়ালের নানা অনুভূতির গল্প।

অনুষ্ঠান উপলক্ষে স্টুডিওজুড়ে সাজানো হয়েছিল শাকিব খানের জনপ্রিয় চলচ্চিত্রগুলোর কাটআউট। ‘পরান যায় জ্বলিয়া রে’ গানের তালে নেচে নেচে মঞ্চে প্রবেশ করেন শাকিব ও পূর্ণিমা। তাদের প্রাণবন্ত উপস্থিতিতে মুহূর্তেই উৎসবের আবহ তৈরি হয়।

তবে অনুষ্ঠানের সবচেয়ে বড় চমক ছিল শেষাংশে। উপস্থিত অতিথি ও দর্শকদের সামনে চ্যানেল আইয়ের পক্ষ থেকে শাকিব খানকে উপহার দেওয়া হয় বিশ্বখ্যাত ব্র্যান্ডের একটি রোলেক্স ঘড়ি। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আবু নেওয়াজ মোহাম্মদ খৈয়াম, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।

অপ্রত্যাশিত এই সম্মাননা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শাকিব খান। কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “উপহারের সঙ্গে দামের কোনো সম্পর্ক নেই। চ্যানেল আই আমাকে যে সম্মান দেখিয়েছে, তার কোনো মূল্য দিয়ে বিচার করা সম্ভব নয়। এটি আমার কাছে অমূল্য।”

তারকাদের স্মৃতি, হাসি-আনন্দ, ব্যক্তিগত গল্প এবং রোলেক্স ঘড়িকে ঘিরে রহস্যময় মুহূর্তে সাজানো বিশেষ এই আয়োজন ‘চাঁদ তারার গুঞ্জরণ’ শিগগির প্রচার হবে চ্যানেল আইয়ে।

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়