নাঈমের শারীরিক অবস্থা জানতে বিসিবির মেডিকেল টিম চট্টগ্রামে
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
নাঈম হাসানের শারীরিক অবস্থা মূল্যায়নে বিসিবির জরুরি মেডিকেল টিম চট্টগ্রামে পৌঁছেছে।
জাতীয় ক্রিকেট দলের অফস্পিনার নাঈম হাসানের শারীরিক অবস্থা মূল্যায়নে জরুরি মেডিকেল টিম চট্টগ্রামে পাঠিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।
বিসিবি সূত্রে জানা গেছে, বোর্ড সভাপতি তামিম ইকবালের নির্দেশনায় একজন চিকিৎসক ও একজন ফিজিওকে নিয়ে গঠিত বিশেষ মেডিকেল টিম শনিবার (১৩ জুন) দুপুরে চট্টগ্রামে পৌঁছেছে। তারা নাঈম হাসানের সঙ্গে সাক্ষাৎ করে তার শারীরিক অবস্থা, সম্ভাব্য আঘাত এবং খেলোয়াড়ি সক্ষমতার ওপর ঘটনার প্রভাব পর্যবেক্ষণ করবেন।
মেডিকেল টিম আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন বিসিবি সভাপতির কাছে জমা দেবে। প্রতিবেদনে নাঈমের শারীরিক অবস্থার পাশাপাশি ভবিষ্যৎ চিকিৎসা, বিশ্রাম এবং মাঠে ফেরার বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ থাকবে।
শুক্রবার (১২ জুন) রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। পরে তাঁকে খুলশী থানায় নিয়ে গিয়েও হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ নাঈমের।
এ ঘটনায় পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) তিনজনকে নগরের খুলশী থানা থেকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
বিসিবি সূত্রে জানা গেছে, জাতীয় দলের একজন ক্রিকেটারের সঙ্গে এমন ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি নিয়ে বোর্ড অত্যন্ত সংবেদনশীল অবস্থানে রয়েছে। নাঈমের স্বাস্থ্যগত অবস্থা নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।
চট্টগ্রামে পুলিশের হেনস্তার শিকার হয়ে জাতীয় দলের এই স্পিনার শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম এবং দেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঘটনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাৎক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করে।
ক্রিকেটসংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত খেলা একজন জাতীয় দলের ক্রিকেটারের ক্ষেত্রে সামান্য শারীরিক আঘাতও দীর্ঘমেয়াদে পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে। এজন্যই বিসিবি বিষয়টিকে কেবল আইনশৃঙ্খলার ঘটনা হিসেবে নয়, একজন পেশাদার ক্রীড়াবিদের স্বাস্থ্য ও ক্যারিয়ারের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হিসেবেও বিবেচনা করছে।
বিসিবির মেডিকেল টিমের প্রতিবেদন হাতে পাওয়ার পর বোর্ড এ বিষয়ে আনুষ্ঠানিক অবস্থান এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।
ঢাকা/রেজাউল/বকুল