একনেকে ৫ প্রকল্প অনুমোদন
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ছবি: সংগৃহীত
একনেক সভায় পাঁচটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত পাঁচটি প্রকল্পের মধ্যে তিনটি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প।
মঙ্গলবার (১৬ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব প্রকল্প পাস হয়। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন। এ সময় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুমোদিত পাঁচটি প্রকল্প
এক. প্রধানমন্ত্রীর কার্যালয়ের চায়না ইকোনমিক জোন অবকাঠামো প্রকল্প
দুই. পানি সম্পদ মন্ত্রণালয়ের ফেনী জেলার মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)
তিন. করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প
চার. পদ্মা নদীর ভাঙন থেকে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার তালবাড়িয়া ও কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকা রক্ষা (১ম সংশোধিত) প্রকল্প
পাঁচ. শিক্ষা মন্ত্রণালয়ের ১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন (৩য় সংশোধিত) প্রকল্প
এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে মোট ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা। অনুমোদিত এই ব্যয়ের মধ্যে বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ হিসেবে বৈদেশিক উৎস থেকে ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকার জোগান দেওয়া হবে।
এছাড়া পরিকল্পনামন্ত্রী সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়ের যে চারটি প্রকল্প অনুমোদন দিয়েছিলেন, তা একনেক সভায় অবহিত করা হয়।
সেগুলো হলো: বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে বিমানসেনা ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্প, নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ সাভার স্থাপন প্রকল্প, বাংলাদেশ বিমান বাহিনী স্টেশন শমসেরনগরে বিদ্যমান বিএএফ শাহীন কলেজের অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক ও ক্রিপিটক শিক্ষা কার্যক্রম (৪র্থ পর্যায়) প্রকল্প।
ঢাকা/তুহিন//