ঢাকা     মঙ্গলবার   ১৬ জুন ২০২৬ ||  আষাঢ় ২ ১৪৩৩ || ৩০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মাঠের অধিনায়ক থেকে পর্দার নায়ক জামাল ভূঁইয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ১৬ জুন ২০২৬   আপডেট: ১৭:৪০, ১৬ জুন ২০২৬
মাঠের অধিনায়ক থেকে পর্দার নায়ক জামাল ভূঁইয়া

জামাল ভূঁইয়া

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক হিসেবে মাঠে নেতৃত্ব দেওয়ার জন্য পরিচিত জামাল ভূঁইয়া। এবার তিনি পা রাখলেন একেবারেই নতুন এক অঙ্গনে। প্রথমবারের মতো অভিনয়ে নাম লিখিয়েছেন দেশের জনপ্রিয় এই ফুটবলার। ফুটবল বিশ্বকাপকে ঘিরে নির্মিত ‘ব্রাজেন্টিনা’ ওয়েব সিরিজের প্রধান চরিত্রে দেখা যাবে তাকে। 

আরো পড়ুন:

সোমবার (১৫ জুন) রাজধানীর কলাবাগান মাঠে শুরু হয়েছে সিরিজটির শুটিং। কাকতালীয়ভাবে এই মাঠের সঙ্গেই জড়িয়ে আছে জামাল ভূঁইয়ার ফুটবল জীবনের শুরুর স্মৃতি। যে মাঠে একসময় শুরু হয়েছিল তার ফুটবল ক্যারিয়ার, সেই মাঠেই এবার শুরু হলো অভিনয়জীবনের নতুন অধ্যায়। 

সিরিজটিতে জামাল ভূঁইয়ার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শরাফ আহমেদ জীবন, লামিমা লাম, সহিদ উন নবী, ইশতিয়াক আহমেদ প্রমুখ। 

বিশ্বকাপের উন্মাদনা, সমর্থকদের আবেগ এবং ফুটবল সংস্কৃতিকে ঘিরে নির্মিত এই সিরিজ পরিচালনা করছেন তারিক মুহাম্মদ হাসান। ক্রীড়াঙ্গনের তারকাদের অভিনয়ে নিয়ে আসার অভিজ্ঞতা তার অনেক। এর আগে তিনি ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে নিয়ে ‘টি-টুয়েন্টি’, নারী ক্রিকেটার জাহানারা আলমকে নিয়ে ‘লাইফ ইজ বিউটিফুল’ এবং সাবেক ফুটবলার ও বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে নিয়ে ‘ট্রাইবেকার’ নির্মাণ করেছিলেন। 

অভিনয়ে পা রাখার সিদ্ধান্ত নিয়ে জামাল ভূঁইয়া বলেন, “কয়েক মাস ধরেই বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। শুরুতে আগ্রহী ছিলাম না। তবে নির্মাতার পরিকল্পনা এবং ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের উৎসাহ নতুন এই চ্যালেঞ্জ নিতে অনুপ্রাণিত করেছে।” 

খানিকটা ব্যাখ্যা করে জামাল ভূঁইয়া বলেন, “প্রথমে একটু দ্বিধায় ছিলাম। পরে নির্মাতার আগের কাজগুলো দেখেছি। আশরাফুল ভাইয়ের সঙ্গেও কথা বলেছি। তিনি উৎসাহ দিয়েছেন। তখন ভাবলাম, নতুন কিছু করার চেষ্টা করে দেখা যেতে পারে।” 

বিজ্ঞাপনে কাজ করার অভিজ্ঞতা থাকলেও অভিনয়কে সম্পূর্ণ ভিন্ন একটি জগৎ হিসেবে দেখছেন জামাল ভূঁইয়া। পেশাদার অভিনয়শিল্পীদের সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ানো শুরুতে কিছুটা কঠিন মনে হলেও পুরো অভিজ্ঞতা উপভোগ করছেন বলে জানান এই ফুটবল তারকা। 

রাইজিংবিডির সঙ্গে আলাপকালে জামাল ভূঁইয়াকে নিয়ে কাজের অভিজ্ঞতা জানিয়েছেন পরিচালক তারিক মুহাম্মদ হাসান। তিনি বলেন, “জামাল ভূঁইয়াকে নিয়ে কাজের অভিজ্ঞতা দারুণ। তিনি কাজের ব্যাপারে খুবই আন্তরিক এবং মনোযোগী। কোনো শট মনমতো না হলে বারবার টেক দিতে আপত্তি করেননি। বাংলা উচ্চারণ নিয়ে কিছুটা সমস্যা হয়েছে, অনেক সংলাপ ইংরেজিতে লিখে দিতে হয়েছে। তবে শেখার আগ্রহ ছিল অসাধারণ। শুটিং ইউনিটের সবার সঙ্গে তিনি খুব সহজভাবে মিশেছেন।” 

জামাল ভূঁইয়ার আন্তরিকতা, সহযোগিতার প্রশংসা করে পরিচালক তারিক মুহাম্মদ হাসান বলেন, “শুটিং সেটে তারকাসুলভ কোনো আচরণ জামাল ভূঁইয়ার মধ্যে নেই। ইউনিটের সবার মতোই খাবার খেয়েছেন এবং পুরো সময়টাতে সহযোগিতাপূর্ণ ছিলেন।”

সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ জুন, একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘ব্রাজেন্টিনা’।

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়