জলাবদ্ধতা নিরসনে মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা: স্থানীয় সরকারমন্ত্রী
মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর জলাবদ্ধতা সমস্যা নিরসনে সরকার স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদে সংসদ সদস্য মো. আবুল কালামের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন হাফিজ উদ্দিন আহমদ।
মন্ত্রী বলেন, স্বল্পমেয়াদি কর্মসূচির আওতায় রাজধানীর নর্দমা, বক্স কালভার্ট ও খাল থেকে পলি ও বর্জ্য অপসারণ করা হচ্ছে। ভারী বর্ষণের সময় জলাবদ্ধতাপ্রবণ এলাকা থেকে পোর্টেবল পাম্পের মাধ্যমে পানি সরিয়ে নেওয়া, বিদ্যমান পাম্প স্টেশন ব্যবহার করে পানি নিষ্কাশন এবং পর্যাপ্ত সংখ্যক ক্যাচপিট ও লোহার গ্রেটিং স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, ওয়ার্ডভিত্তিক জরুরি সাড়া প্রদানকারী দল (ইমার্জেন্সি রেসপন্স টিম) গঠন এবং পানি প্রবাহে বাধা সৃষ্টি করা ব্লকেজ অপসারণের কাজ চলমান রয়েছে।
মধ্যমেয়াদি পরিকল্পনার বিষয়ে তিনি জানান, খাল পুনরুদ্ধার, সংস্কার ও নান্দনিক পরিবেশ সৃষ্টির প্রকল্পের আওতায় চারটি বড় খালের উন্নয়নকাজ চলছে। এছাড়া জিয়া সরণি খাল ও শ্যামপুর খালের পানি নিকটবর্তী বুড়িগঙ্গা নদী-তে নিষ্কাশনের জন্য আউটলেট নির্মাণের কাজও চলমান রয়েছে। পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে নতুন নর্দমা নির্মাণ এবং পুরোনো নর্দমা সংস্কার ও মেরামত করা হচ্ছে।
দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় জিয়া সরণি খাল, কাজলা খাল ও মৃধাবাড়ি খালসহ প্রায় ৫০ কিলোমিটার খাল উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান মন্ত্রী। নবসংযুক্ত এলাকার জলাবদ্ধতা নিরসনে নতুন ১৮টি ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থা ও সড়ক উন্নয়নের উদ্যোগও নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, “ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে ড্রেনেজ মাস্টারপ্ল্যানের আওতায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের জন্য নতুন আউটলেট ও পাম্প স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে বিদ্যমান ড্রেনেজ ব্যবস্থার সক্ষমতা যাচাই করে প্রয়োজনীয় সংস্কার ও প্রবাহক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।”
এছাড়া বিদ্যুৎ, গ্যাস, পানি ও ইন্টারনেট সেবার জন্য ইউটিলিটি ডাক্ট নির্মাণ এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনাকে আরো টেকসই ও আধুনিক করার পরিকল্পনাও সরকারের রয়েছে বলে তিনি জানান।
ঢাকা/এএএম/এসবি