গোয়ালঘরের ময়লার স্তূপ থেকে অস্ত্র উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ব্যারেলযুক্ত একনলা বন্দুক এবং একটি বড় ধারালো দা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১৫ জুন) রাত সাড়ে ১১টার দিকে রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নে এ তল্লাশি অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক।
তিনি জানান, র্যাব-১৫ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রামুর কাওয়ারখোপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উখিয়াঘোনা এলাকায় অভিযান চালায়। এ সময় একটি বসতবাড়ির গোয়ালঘরের ময়লার স্তূপের নিচে বিশেষ কায়দায় লুকানো অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
র্যাবের ওই কর্মকর্তা আরো জানান, অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকা/তারেকুর/রফিক