চকরিয়ায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ওয়াহিদুল ইসলাম।
কক্সবাজারের চকরিয়া উপজেলায় নিখোঁজের একদিন পর সাত বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) সকাল ৯টার দিকে উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের মাইজপাড়া এলাকার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার হয়।
মারা যাওয়া শিশুর নাম ওয়াহিদুল ইসলাম। সে একই গ্রামের মো. তৌহিদুল ইসলাম লিটনের ছেলে।
নিহতের বাবা তৌহিদুল ইসলাম লিটন বলেন, “সোমবার সন্ধ্যার পর থেকে ওয়াহিদুল নিখোঁজ ছিল। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। আজ মঙ্গলবার সকালে স্থানীয়রা একটি পরিত্যক্ত ডোবায় তার মরদেহ ভাসতে দেখে পরিবারকে জানায়।”
স্থানীয় ইউপি সদস্য হারুনুর রশিদ জানান, ফজুমিয়াজিরচর এলাকার একটি ছোট খালে শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
তিনি বলেন, “শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। ঘটনাটি ঘিরে জনমনে নানা প্রশ্ন ও সন্দেহের সৃষ্টি হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।”
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, “মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
ঢাকা/তারেকুর/মাসুদ