পুশইনে সহায়তার অভিযোগে আটক ৭ বাংলাদেশি
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
সীমান্তে বিএসএফকে পুশইনে সহায়তার অভিযোগ আটক সাতজন।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে বিএসএফকে পুশইনে (ঠেলে দেওয়া) সহায়তা করার অভিযোগে সাত বাংলাদেশিকে আটক করা হয়েছে।
সোমবার (১৫ জুন) রাতে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের মধ্যে চারজনকে বিজিবি এবং তিনজনকে পুলিশ আটক করে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরে আলম এ তথ্য জানিয়েছেন।
আটকৃতরা হলেন- দোস মোহাম্মদের ছেলে বাবুল আক্তার (৪০), আব্দুল লতিফের ছেলে এমদাদুল হক (৩৮), ওবায়দুল রহমানের ছেলে রয়েল (২৮), কালুমদ্দিনের ছেলে আজম (৩৫), জমসেদ আলীর ছেলে আজম (৩৮), নাইমুলের ছেলে আসমাউল হক (৩৩) ও ধুলুর ছেলে মেসবাহুল হক (৩০)। তারাদের বাড়ি গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর গ্রামে।
বিজিবির বরাত দিয়ে ওসি নূরে আলম জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে রোকনপুর সীমান্ত দিয়ে এক নারীকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। ওই নারীকে বাংলাদেশে আসতে সহায়তা করেন সাত বাংলাদেশি। তারা সবাই রোকনপুর সীমান্ত সংলগ্ন এলাকার বাসিন্দা। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা পুশইনের ঘটনা প্রতিহত করে এবং ঘটনাস্থল থেকে চার বাংলাদেশিকে আটক করে। রাত ৪টার দিকে বিজিবি তাদের থানায় সোপর্দ করে। পরে পুলিশ আরো তিনজনকে একই অভিযোগে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, বিএসএফের ৮৮ ব্যাটালিয়য়েনর আওতাধীন ওয়াদা ক্যাম্পের সদস্যরা রাতে নৌকাযোগে এক নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। বিজিবি টহল দলের তাৎক্ষণিক পদক্ষেপে পুশইন প্রতিহত করা হয়।
ঢাকা/গালিভ/মাসুদ