ঢাকা     সোমবার   ১৫ জুন ২০২৬ ||  আষাঢ় ১ ১৪৩৩ || ২৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পাঁচ বছরে ৩০ হাজার নতুন উদ্যোক্তাকে ঋণ দিতে চায় সরকার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৮, ১৫ জুন ২০২৬  
পাঁচ বছরে ৩০ হাজার নতুন উদ্যোক্তাকে ঋণ দিতে চায় সরকার

আগামী পাঁচ বছরে ৩০ হাজার নতুন উদ্যোক্তাকে সরকার ঋণ দেওয়ার পরিকল্পনা করছে। এই খাতের প্রায় ৬০ শতাংশ উদ্যোক্তাই প্রথাগত ব্যাংকঋণের আওতার বাইরে আছেন।

আরো পড়ুন:

ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) খাতের উদ্যোক্তাদের অর্থায়ন-সংকট দূর করতে ঋণ তহবিল বরাদ্ধের অনুরোধ জানিয়ে ২১ মে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ে একটি চিঠি  পাঠানো হয়। 

চিঠিতে শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির উল্লেখ করেছেন, আগামী ৫ বছরে এসএমই খাতে ৩০ হাজার নতুন উদ্যোক্তাকে ঋণ দেওয়া সরকারের লক্ষ্য। নতুন তহবিল পাওয়া গেলে এই কর্মসূচি দেশব্যাপী সম্প্রসারণ করা সম্ভব হবে।

শিল্প মন্ত্রণালয়ের এই চিঠি থেকে জানা গেছে, শিল্পমন্ত্রী এসএমই খাতের জন্য আগামী দুই অর্থবছরে মোট তিন হাজার কোটি টাকার বিশেষ ঋণ তহবিল বরাদ্দ চান অর্থমন্ত্রীর কাছে। এর মধ্যে আগামী অর্থবছরে এক হাজার কোটি এবং ২০২৭-২৮ অর্থবছরে আরো দুই হাজার কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়।

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের এই অনুরোধের প্রতিফলন অবশ্য বাজেটে দেখা গেছে। 

ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের অর্থায়ন-সংকট দূর করতে অর্থমন্ত্রী আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ২ হাজার কোটি টাকার একটি বিশেষ পুনঃঅর্থায়ন ঋণ তহবিল ঘোষণা করেছেন। 

এ তহবিল থেকে এসএমই উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ পাবেন।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে গত বৃহস্পতিবার নতুন অর্থবছরের বাজেট ঘোষণা করেন। 

ওই সময় তিনি জানান, সরকারের তিনটি বিশেষায়িত প্রতিষ্ঠানের মাধ্যমে ২ হাজার কোটি টাকার এসএমই ঋণ বিতরণ করা হবে। 

এরমধ্যে রয়েছে, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) ও বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল)।

শিল্প মন্ত্রণালয় ও এসএমই ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, দেশে এখন ১ কোটি ১৭ লাখ কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে প্রায় ৬০ শতাংশ উদ্যোক্তাই প্রথাগত ব্যাংকঋণের আওতার বাইরে রয়েছেন।

ব্যবসায় নিবন্ধন, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বা ভ্যাটের কাগজপত্র না থাকায় তারা ব্যাংকিং-সুবিধা পান না। ব্যাংকগুলোও ছোট ব্যবসায়ে ঋণ দিতে উৎসাহী নয়।

একারণে সরকার তিনটি বিশেষায়িত প্রতিষ্ঠান এসএমই ফাউন্ডেশন, ইডকল ও বিআইএফএফএলের মাধ্যমে এই ঋণ বিতরণ করবে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়