বাংলাদেশি পুশব্যাকের বৈধতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ভারতের বিশেষজ্ঞদের
কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম
সুবীর ভৌমিক ও কিরীটী রায়
ভারত-বাংলাদেশ সীমান্তে সাম্প্রতিক ‘পুশব্যাক’ প্রক্রিয়া এবং বাংলাদেশে ফেরত পাঠানো ব্যক্তিদের পরিচয় ঘিরে একাধিক প্রশ্ন তুললেন মানবাধিকারকর্মী কিরীটী রায়। তার দাবি, যাদের বাংলাদেশে পাঠানো হচ্ছে বলে দাবি করা হচ্ছে, তাদের পরিচয়, তালিকা এবং সীমান্তে পৌঁছানোর প্রক্রিয়া নিয়ে এখনও বহু প্রশ্নের উত্তর মেলেনি।
যদি সংশ্লিষ্ট ব্যক্তিরা সত্যিই বাংলাদেশী নাগরিক হন, তাহলে তাদের নাম ভারতীয় কর্তৃপক্ষের মাধ্যমে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সামনে প্রকাশ করা উচিত। তার মতে, এতে গোটা বিষয়টি আরও স্বচ্ছ হবে।
কিরীটী রায় প্রশ্ন তোলেন, দেশের বিভিন্ন প্রান্ত—কেরল, পাঞ্জাব বা অন্য রাজ্য থেকে মানুষ কীভাবে নির্দিষ্ট দিনে সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকায় পৌঁছে যাচ্ছেন। তার দাবি, অনেক ক্ষেত্রে যে সীমান্ত পয়েন্টগুলির কথা সামনে আসছে, সেখানে সরাসরি রেল বা সরকারি বাস পরিষেবাও নেই। ফলে ওই ব্যক্তিরা কীভাবে নির্দিষ্ট সময়ে ওইসব স্থানে পৌঁছাচ্ছেন তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্তে উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিরা বহু ক্ষেত্রে ফেরত পাঠানো ব্যক্তিদের পরিচয় জানতে পারছেন না। ছবি প্রকাশিত হলেও নাম বা পূর্ণ পরিচয় সামনে আসছে না। কেন এই তথ্য প্রকাশ করা হচ্ছে না, সেই প্রশ্নও তুলেছেন তিনি।
তার বক্তব্য, সীমান্তবর্তী এলাকায় যে ঘটনাগুলি ঘটছে, সেগুলি সম্পর্কে আরও তথ্য প্রকাশ করা প্রয়োজন। তার মতে, গণতান্ত্রিক সমাজে দৃশ্যমান ঘটনাকে প্রশ্ন করা এবং তার পেছনের প্রক্রিয়া সম্পর্কে জানার অধিকার নাগরিকদের রয়েছে।
যদিও সংশ্লিষ্ট বিষয়ে কেন্দ্রীয় সরকার, সীমান্তরক্ষী বাহিনী বা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে তার উত্থাপিত প্রশ্নগুলির বিষয়ে এখনও কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
একই বিষয় নিয়ে পররাষ্ট্র বিশেষজ্ঞ, লেখক ও সাংবাদিক সুবীর ভৌমিকের বক্তব্য, যারা সাধারণ মানুষ, যারা কোন অপরাধমূলক কাজে যুক্ত নয়, তাদের এই সীমান্ত পারাপারে যদি প্রাণ চলে যায় তা কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না। দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার মাধ্যমে প্রতিষ্ঠিত যে সমাধানসূত্র রয়েছে তা অবলম্বন করতে হবে। তা না হলে যেভাবে উত্তেজনা বাড়ছে তাতে দুদেশের সেনাবাহিনীর মধ্যে যুদ্ধের আশঙ্কা তৈরি করতে পারে। তাই কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা উচিত।
ঢাকা/সুচরিতা//
হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩