ঢাকা     মঙ্গলবার   ১৬ জুন ২০২৬ ||  আষাঢ় ২ ১৪৩৩ || ৩০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাইবান্ধায় শ্রীরামচন্দ্রকে অবমাননার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৬, ১৬ জুন ২০২৬  
গাইবান্ধায় শ্রীরামচন্দ্রকে অবমাননার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

গাইবান্ধায় এক বিক্ষোভ সমাবেশে হিন্দুদের আরাধ্য দেবতা শ্রীরামচন্দ্রের ছবিতে জুতাপেটার ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরো পড়ুন:

সোমবার (১৫ জুন ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জগন্নাথ হলসহ বিভিন্ন হলের সনাতনী শিক্ষার্থীরা অংশ নেন।

কর্মসূচিতে জগন্নাথ হল ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক রাম প্রসাদ সাহা তপু বলেন, “শ্রী রামচন্দ্রকে নিয়ে গুজব ছড়ানোর পর তার ছবিতে জুতাপেটার ঘটনা ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং কোনো গোষ্ঠী যেন বিভাজন সৃষ্টি করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।”

এজিএস দ্বীপজয় সরকার দ্বীপ্ত অভিযোগ করে বলেন, “গত কয়েক বছরে সংখ্যালঘুদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একাধিক ঘটনা ঘটলেও অনেক ক্ষেত্রেই বিচার হয়নি। তিনি বলেন, এক দেশে দুই নীতি চলতে পারে না; সব ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।”

হল সংসদের জিএস সুদীপ্ত প্রামাণিক বলেন, “নির্বাচনের আগে সংখ্যালঘুদের নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হলেও পরবর্তীতে তা বাস্তবায়ন হয় না। তিনি দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানাই।” অন্যথায় আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শাহবাগ এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সময়ের জন্য সড়ক অবরোধ করে। এ সময় অংশগ্রহণকারীরা ধর্মীয় সম্প্রীতি রক্ষা, উগ্রবাদ প্রতিরোধ এবং ধর্মীয় অবমাননার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি গাইবান্ধায় দেশের বৃহত্তম শ্রী রাম মূর্তি নির্মাণকাজ পুনরায় শুরুর দাবিও জানান তারা।

ঢাকা/সৌরভ/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়