চট্টগ্রামে টাইগারদের ঘাম ঝরানো অনুশীলন
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুশীলন করেছে লিটন দাসের নেতৃত্বাধীন দল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে বাংলাদেশ দল। সিরিজ শুরুর একদিন আগে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুশীলন করেছে লিটন দাসের নেতৃত্বাধীন দল।
মঙ্গলবার (১৬ জুন) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী অনুশীলনে ব্যস্ত সময় পার করেন টাইগাররা। অনুশীলনে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের পাশাপাশি ম্যাচ পরিস্থিতি নিয়ে বিশেষ পরিকল্পনা করতে দেখা যায় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের।
আগামীকাল (১৭ জুন) দুপুর ২টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ঘরের মাঠে সমর্থকদের সামনে জয় দিয়ে সিরিজ শুরু করাই এখন লিটন দাসের দলের প্রধান লক্ষ্য।
প্রথমে ওয়ার্মআপ ও ফিটনেস ড্রিলের মাধ্যমে অনুশীলন শুরু হয়। এরপর ব্যাটাররা নেটে দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করেন। ওপেনার থেকে শুরু করে মিডল অর্ডারের ব্যাটারদের ম্যাচ পরিস্থিতি মাথায় রেখে বিভিন্ন ধরনের শট অনুশীলন করতে দেখা যায়। বিশেষ করে পাওয়ার প্লে এবং ডেথ ওভারে ব্যাটিং পরিকল্পনার ওপর গুরুত্ব দেন কোচরা।
পেসার ও স্পিনাররা আলাদা গ্রুপে নিজেদের দক্ষতা শানিয়ে নেন। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম এবং নাহিদ রানাদের বোলিং সেশনে ছিল বাড়তি তৎপরতা। স্পিন বিভাগেও রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও সাকলাইন সজীবকে দীর্ঘ সময় ধরে অনুশীলন করতে দেখা যায়।
ফিল্ডিং সেশনেও ছিল বাড়তি গুরুত্ব। হাই ক্যাচ, ডাইরেক্ট থ্রো এবং ইনফিল্ড ফিল্ডিং নিয়ে নিবিড় অনুশীলন করেন ক্রিকেটাররা। কোচিং স্টাফদের নির্দেশনায় বেশ কয়েকটি বিশেষ ড্রিলেও অংশ নেন তারা।
ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। সেই ধারাবাহিকতা টি-টোয়েন্টি সিরিজেও ধরে রাখতে চায় স্বাগতিকরা। অনুশীলনে ক্রিকেটারদের মধ্যে সেই আত্মবিশ্বাস ও মনোযোগের ছাপ স্পষ্টভাবে দেখা গেছে।
এর আগে সকালে একই ভেন্যুতে কঠোর অনুশীলন করেছে সফরকারী অস্ট্রেলিয়া দল। ফলে মাঠের বাইরে প্রস্তুতির লড়াইয়ে ব্যস্ত সময় পার করেছে দুই দলই।
সিরিজের পরবর্তী দুই ম্যাচ অনুষ্ঠিত হবে শুক্রবার (১৯ জুন) এবং রবিবার (২১ জুন)। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।
ঢাকা/রেজাউল/বকুল