পাঁচ তারকার স্মৃতিময় একদিন
বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম
বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের পাঁচ কিংবদন্তি তারকাকে নিয়ে এক স্মরণীয় দিন কাটল চ্যানেল আই প্রাঙ্গণে। দীর্ঘদিন পর একসঙ্গে মিলিত হয়ে তারা ভাগাভাগি করলেন অভিনয়জীবনের নানা স্মৃতি, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং অজানা গল্প।
মূলত সাতজন তারকার অংশ নেওয়ার কথা ছিল। তারা হলেন শবনম, সুচন্দা, উজ্জ্বল, সোহেল রানা, আনোয়ারা, আলমগীর ও ববিতা। তাদের আগমন উপলক্ষে চ্যানেল আইয়ের মূল ফটক থেকে শুরু করে পুরো প্রাঙ্গণ সাজানো হয়েছিল বাংলা চলচ্চিত্রের সেই সোনালি সময়ের দুর্লভ আলোকচিত্রে। তবে অসুস্থতার কারণে সোহেল রানা ও আনোয়ারা উপস্থিত থাকতে পারেননি। বাকি পাঁচ তারকা লাল গালিচা বিছানো পথে হেঁটে অনুষ্ঠানে যোগ দেন।
তাদের স্বাগত জানান চ্যানেল আই’য়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং জ্যেষ্ঠ চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান। এরপর দিনভর চলে প্রাণবন্ত আড্ডা, স্মৃতিচারণ ও পারস্পরিক কুশল বিনিময়। অনেকের সঙ্গে অনেকের দেখা হয় দীর্ঘদিন পর। ফলে স্মৃতির ঝাঁপি খুলে জমে ওঠে গল্পের আসর।
দিনব্যাপী আয়োজনে চ্যানেল আইয়ের সুসজ্জিত স্টুডিওতে এই পাঁচ তারকাকে নিয়ে ব্যতিক্রমী এক আড্ডার আয়োজন করেন জ্যেষ্ঠ চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান। সেখানে চলচ্চিত্রজীবনের পাশাপাশি উঠে আসে তাদের ব্যক্তিগত জীবনের নানা অজানা গল্প, যা আগে কখনো প্রকাশ্যে বলা হয়নি।
আষাঢ়ের প্রথম দিন, ১৫ জুন অনুষ্ঠিত এই আড্ডায় উঠে আসে বৃষ্টিভেজা শুটিংয়ের স্মৃতি, প্রিয় নায়ক-নায়িকা, প্রিয় গান, আষাঢ়ের আবহ উপভোগের অনুভূতিসহ নানা প্রসঙ্গ। তারকারা স্মৃতিচারণের পাশাপাশি নিজেদের জীবনের আনন্দ-বেদনার কথাও ভাগাভাগি করেন দর্শকদের জন্য।
দিন শেষে চ্যানেল আই’য়ের পক্ষ থেকে পাঁচ তারকার হাতে তুলে দেওয়া হয় বিশেষ উপহার। উপহারের মধ্যে ছিল ঘোড়া, হাতি, পুতুল, শিশুদের খেলনাসহ নানা সামগ্রী। এছাড়া, তাদের নাম ও ছবি সংবলিত ক্রেস্ট এবং ফুলের তোড়া প্রদান করা হয়।
পুরো আয়োজনটি ধারণ করেছে চ্যানেল আই। শিগগিরই অনুষ্ঠানটি চ্যানেল আইয়ে প্রচারিত হবে। অনুষ্ঠানটির পরিচালনা করেছেন ইফতেখার মুনিম।
ঢাকা/জান্নাত