ঢাকা     মঙ্গলবার   ১৬ জুন ২০২৬ ||  আষাঢ় ২ ১৪৩৩ || ৩০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চল নির্মাণ একনেকে অনুমোদন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৫, ১৬ জুন ২০২৬  
চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চল নির্মাণ একনেকে অনুমোদন

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল নির্মাণের জন্য রাস্তাঘাটসহ অন্যান্য আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণে প্রকল্প পাস করা হয়েছে। অবকাঠামোটি নির্মাণে মোট ৪ হাজার ১৮৯ কোটি টাকা খরচ হবে।

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই প্রকল্প পাস হয়। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন।

এই প্রকল্পের শিরোনাম দেওয়া হয়েছে, চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্প। প্রকল্প প্রস্তাবে সম্ভাবনা সম্পর্কে বলা হয়েছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে ৫০ কোটি ডলার বিনিয়োগ হবে। এ ছাড়া এক লাখ লোকের কর্মসংস্থান হবে।

প্রকল্পের জন্য এসব অবকাঠামো নির্মাণের কাজ শুরু হবে ২০২৭ সালের জানুয়ারি মাসে এবং শেষ হবে ২০৩১ সালের ডিসেম্বর মাসে। পুরো প্রকল্পের মধ্যে দেশজ উৎস থেকে দেওয়া হবে ১ হাজার ৭২২ কোটি টাকা এবং বিদেশি ঋণ হিসেবে পাওয়া যাবে ২ হাজার ৪৬৭ কোটি টাকা।

এই প্রকল্পের আওতায় সোয়া এক কিলোমিটার জেটি লিংক রোড নির্মাণ করা হবে। এক কিলোমিটারের বেশি লিংক রোডও হবে। এ ছাড়া শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস সংযোগের জন্য প্রায় দুই কিলোমিটার গ্যাস সংযোগ লাইন নির্মাণ করা হবে। এ ছাড়া থাকবে পানি সংরক্ষণাগার। সার্বিকভাবে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এসব অবকাঠামো নির্মাণে গুরুত্ব দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, এর আগে ২০১৬ সালে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সেসময় চীনের প্রেসিডেন্ট সি জিন পিংয়ের ঢাকা সফরকে কেন্দ্র করে চীনা অর্থনৈতিক জোন স্থাপনের বিষয়টি আলোচনায় উঠে আসে। তখন দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়, তবে নানা জটিলতায় বিষয়টি পরে ঝুলে যায়।   

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকল্পটি গতি ফিরে পায়। চলতি মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে যাওয়ার কথা রয়েছে।  

ঢাকা/তুহিন//

সর্বশেষ

পাঠকপ্রিয়