স্কুলছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্তের দোকান ভাঙচুর-আগুন
পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
অভিযুক্ত কাশেম শেখের বাড়ি ভাঙচুর করা হয়।
পাবনার আতাইকুলা উপজেলায় এক স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে অভিযুক্ত কাশেম শেখের বাড়ি, দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
রবিবার (১৪ জুন) সকালে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা ঘটনার প্রতিবাদে পাবনার আতাইকুলা থানার আড়িয়াডাঙ্গী বাজারে মানববন্ধন করে। এ সময় তারা অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান।
মানববন্ধন শেষে উত্তেজিত জনতা আড়িয়াডাঙ্গী বাজারে কাশেম শেখের মুদি দোকান এবং আরো একটি চায়ের দোকানে ভাঙচুর চালায়। পরে কাশের শেখের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়া তার কয়েকজন স্বজন ও প্রতিবেশীর বাড়িতেও ভাঙচুর করা হয়।
কাশেম শেখের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে আগুন দেওয়ায় বিভিন্ন মালামাল পুড়ে যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
কাশেম শেখ আতাইকুলার আড়িয়াডাঙ্গী গ্রামের শহিদুল ইসলামের ছেলে। ভুক্তভোগী স্কুলছাত্রীর বাড়িও একই এলাকায়।
শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, গত বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১টায় আরিয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রী স্কুল শেষে বাড়ি ফিরছিল। এ সময় স্থানীয় খড় ব্যবসায়ী কাশেম শেখ তার হাত ধরে টানাটানি করে। এ ঘটনায় পর দিন শুক্রবার (১২ জুন) ছাত্রীর মা বাদী হয়ে কাশেম শেখকে অভিযুক্ত করে আতাইকুলা থানায় মামলা দায়ের করে।
স্থানীয় বাসিন্দা মো. অলিউল্লাহ জানান, কাশেম শেখ ৭ নম্বর ওয়ার্ডের বখাটে ও মাদক কারবারি হিসেবে চিহ্নিত। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
আড়িয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফাজুল ইসলাম বলেন, ‘‘আমাদের এক শিক্ষার্থীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেছে। সবাই ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছে।’’
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, রবিবার সকালে আড়িয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে তারা কাশেম শেখের বাড়ি ও দোকানে হামলা করে আগুনে পুড়িয়ে দেয়।
ওসি আরো জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযুক্ত ব্যক্তি বর্তমানে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
ঢাকা/শাহীন/বকুল
হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩