এনআইডি সংশোধনে জাল ঠেকাতে অনলাইন যাচাই চায় ইসি
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের ক্ষেত্রে ব্যবহৃত তালাকনামা, কাবিননামা ও হলফনামার সত্যতা যাচাইয়ে অনলাইন ব্যবস্থা চালুর উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে যোগাযোগ করবে সংস্থাটি।
রবিবার (১৪ জুন) ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।
কর্মকর্তারা জানান, এনআইডিতে পুরো নাম, বয়স বা স্বামী-স্ত্রীর নাম সংশোধনের মতো গুরুত্বপূর্ণ আবেদন নিষ্পত্তিতে প্রায়ই তালাকনামা, কাবিননামা ও হলফনামা জমা দিতে হয়। তবে এসব নথির মধ্যে অনেক সময় জাল কাগজপত্রও পাওয়া যায়। বর্তমানে অনলাইনে যাচাইয়ের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় আসল ও নকল নথি শনাক্ত করতে কর্মকর্তাদের ভোগান্তিতে পড়তে হয়।
এনআইডি অনুবিভাগের এক কর্মকর্তা বলেন, এ সমস্যা সম্পর্কে ইসি সচিবকে অবহিত করা হয়েছে। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে যোগাযোগ করে সমাধানের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি চলছে এবং শিগগিরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে চিঠি পাঠানো হবে।
এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, তালাকনামা, কাবিননামা ও হলফনামা অনলাইনে যাচাইয়ের ব্যবস্থা চালুর লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা/এমএসবি//
হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩