ভিড়ের মধ্যে রাশমিকাকে আগলে রাখলেন কৃতি
বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম
ভিড়ের মাঝে রাশমিকাকে আগলে প্রশংসা কুড়াচ্ছেন কৃতি স্যানন
পুনেতে ‘ককটেল টু’ সিনেমার প্রচার অনুষ্ঠানে হঠাৎ ভক্তদের অতিরিক্ত ভিড়ে বিশৃঙ্খলা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রাশমিকা মান্দানা, কৃতি স্যানন ও শহিদ কাপুর নিরাপত্তার মধ্যেও হিমশিম খেতে থাকেন। এ সময় রাশমিকার পাশে দাঁড়িয়ে তাকে আগলে রাখেন কৃতি। এ ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়ান কৃতি।
ভিডিওতে দেখা যায়, শহিদ কাপুর, কৃতি ও রাশমিকা একসঙ্গে ভিড়ের মধ্য থেকে বের হওয়ার চেষ্টা করছেন। এ সময় পাশ থেকে রাশমিকাকে আগলে রেখে নিরাপদে বের করে আনার চেষ্টা করেন কৃতি।
প্রত্যক্ষদর্শীদের মতে, নিরাপত্তাকর্মীরা ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিলেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আয়োজকরা অনুষ্ঠান সংক্ষিপ্ত করে তিন তারকাকে দ্রুত ওই স্থান থেকে সরিয়ে নেন।
এর আগে অনুষ্ঠানটিতে ভক্তদের সঙ্গে মজার একটি পর্বে অংশ নেন তারকারা। সেখানে তারা ভক্তদের সঙ্গে ভাড়া পাউ (আলু দিয়ে বানানো এক ধরনের নরম পাউরুটি) খেতেও দেখা যায়। সেই মুহূর্তের ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ভিড় বাড়তে থাকায় পরিস্থিতি অস্বস্তিকর হয়ে ওঠে। ভক্তদের মধ্যে অনেকেই নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে পড়েন বলে অভিযোগ উঠেছে।
রাশমিকার প্রতি কৃতির দায়িত্বশীল আচরণের মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়। অনেকেই তাকে ‘বড় বোনের মতো’ আচরণ করার জন্য প্রশংসা করেছেন। আবার অনেকে অনুষ্ঠানটির দুর্বল নিরাপত্তা ব্যবস্থারও সমালোচনা করেছেন।
‘ককটেল টু’ সিনেমা পরিচালনা করছেন হোমি আদাজানিয়া। এটি ২০১২ সালের ‘ককটেল’ সিনেমার আধ্যাত্মিক সিক্যুয়েল। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শহিদ কাপুর, কৃতি স্যানন, রাশমিকা মান্দানা প্রমুখ। আগামী ১৯ জুন সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
*ইন্ডিয়া টুডে অবলম্বনে
ঢাকা/জান্নাত/শান্ত
হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩