ঢাকা     শুক্রবার   ০৬ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২১ ১৪৩২ || ১৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিজয়-রাশমিকার বিয়ের অনুষ্ঠানে খালি পায়ে কেন রাম চরণ?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৫, ৬ মার্চ ২০২৬   আপডেট: ১৪:৩৭, ৬ মার্চ ২০২৬
বিজয়-রাশমিকার বিয়ের অনুষ্ঠানে খালি পায়ে কেন রাম চরণ?

বিজয়-রাশমিকার বিয়ের অনুষ্ঠানে খালি পায়ে রাম চরণ (বাঁয়ে)

প্রতীক্ষার ইতি টেনে সাতপাকে বাঁধা পড়েছেন ভারতের দক্ষিণী সিনেমার তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। গতকাল ভারতের হায়দরাবাদের বিলাসবহুল হোটেল তাজ কৃষ্ণতে অনুষ্ঠিত হয় বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। তারকাখচিত জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের উৎসবের ইতি টানেন তারা।  

চলচ্চিত্র জগতের বহু তারকা এ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। তাদের মধ্যে বিশেষভাবে নজর কাড়েন তারকা অভিনেতা রাম চরণ। কারণ সস্ত্রীক এ অনুষ্ঠানে হাজির হলেও রাম চরণের পায়ে কোনো জুতা ছিল না। এ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর চর্চায় মেতেছেন ভক্ত-অনুরাগীরা। প্রশ্ন উঠেছে—তারকাখচিত এমন অনুষ্ঠানে রাম চরণ খালি পায়ে কেন?  

আরো পড়ুন:

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, রাম চরণ ‘আয়াপ্পা দীক্ষা’ পালন করছেন। এরই আচারের অংশ হিসেবে খালি পায়ে বিজয়-রাশমিকার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। 

আয়াপ্পা দীক্ষা কী?
আয়াপ্পা দীক্ষা ৪১ দিনের আধ্যাত্মিক ব্রত বা কঠোর সাধনা। ভারতের কেরালার সবরীমালা মন্দিরে এটি পালন করে থাকেন ভক্তরা। এই মন্দিরে যাওয়ার আগে প্রস্তুতি হিসেবে বেশ কিছু রীতিনীতি পালন করতে হয়। 

ব্রত পালনের সময় ভক্তরা (‘স্বামী’ বলা হয়) কঠোর নিয়ম মেনে চলেন। এর মধ্যে রয়েছে—কালো, নীল বা গেরুয়া রঙের পোশাক পরা, ব্রহ্মচর্য পালন করা, নিরামিষ খাবার খাওয়া, খালি পায়ে হাঁটা, প্রতিদিন প্রার্থনা করা। এই নিয়মগুলোর উদ্দেশ্য শরীর ও মনকে পবিত্র করা। তাছাড়া দীক্ষা পালনকারী পুরুষদের জন্য পেঁয়াজ, রসুন এবং অ্যালকোহল গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ। 

বলে রাখা ভালো, এক দশকের বেশি সময়ের প্রেমের গুঞ্জন, আলোচনা-সমালোচনার ইতি টেনে বাকি জীবন একসঙ্গে পার করার জন্য পরস্পরকে প্রতিশ্রুতি দিয়েছেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। গত ২৬ ফেব্রুয়ারি, সকালে উদয়পুরের পাহাড়ঘেরা বিলাসবহুল রিসোর্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। এসময় দুই পরিবারের সদস্য, নিকটাত্মীয় এবং বন্ধুরা উপস্থিত ছিলেন। পরে ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের নিয়ে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন এই যুগল।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়