বিয়েতে বিজয় কত কোটি টাকার গহনা পরেছিলন?
দীর্ঘ অপেক্ষা ও নানা নাটকীয়তার পর সাতপাকে বাঁধা পড়েছেন ভারতের দক্ষিণী সিনেমার তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। তেলুগু-কোভাডা রীতি মেনে দু’বার বিয়ে করেছেন তারা। তবে তেলুগু রীতিতে বিয়ের ছবি দারুণ সাড়া ফেলেছে। আধুনিক সাজসজ্জার পরিবর্তে কয়েক দশক আগের ‘প্রাইমাল’ রীতি মেনে আসর সাজানো হয়েছিল। একইভাবে বর-কনেও তাদের সাজে পরম্পরাকেই অগ্রাধিকার দিয়েছেন।
বিয়েতে কনে বাহারি ডিজাইনের গহনায় সেজে উঠবেন, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু এ বিয়েতে রাশামিকার পাশাপাশি বিজয়ও গহনায় সেজে বিশেষভাবে নজর কাড়েন। তার পরনের গহনা তৈরি হয়েছে এক রাজসিক ভাবনা থেকে; যেন সার্বভৌম এক রাজার প্রতিচ্ছবি।
বিজয়ের ব্যক্তিত্বের দৃঢ়তা প্রকাশ পেয়েছে তার বিয়ের সাজে। সাদা রঙের ধুতির সঙ্গে একটি মাত্র লাল উত্তরীয় ছিল তার পরনে। আর সমস্ত নজর কাড়ে তার বাজুবন্ধ, কোমরবন্ধ, কানপাশা, খাড়ু, মোটা হার। বিজয়ের হাতের গহনায় ছিল হাতি আর ফুলের মোটিফের নকশা। তার কোমরবন্ধে স্পষ্ট ছিল বাঘের নকশা। একই সঙ্গে জ্ঞান, সুন্দর ও সাহসের প্রতীক হয়ে রয়ে গিয়েছে তার সমস্ত অলঙ্কারে।
জালির সূক্ষ্ম নকশা ছিল বিজয়ের গহনাগুলোতে। রাশমিকার মতো বিজয়ের কপালেও বাঁধা হয় বাসিকম। তার কানেও সোনার দুল, আঙুলে আংটি। হাতে ও পায়ে আলতার মৃদু আভা ও দৃঢ় অলঙ্কারের যুগলবন্দিই বিজয়ের সাজকে অনন্য করেছে।
বলিউড শাদি ডটকমের তথ্য অনুসারে, বিয়েতে আধা কেজির বেশি ওজনের গহনা পরেছিলেন বিজয়। ভারতীয় বর্তমান বাজার অনুসারে ১ কিলোগ্রাম সোনার দাম ৭৫-৮০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৯৯ লাখ থেকে ১ কোটি ৬ লাখ টাকা)। তবে ডিজাইনার ব্রাইডাল জুয়েলারির ক্ষেত্রে কারুকাজ ও ব্র্যান্ড ভ্যালুর কারণে দাম আরও অনেক বেড়ে যায়। সেই হিসাব অনুযায়ী, বিজয়ের গহনার মূল্য ১-২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৩৩ লাখ থেকে ২ কোটি ৬৫ লাখ টাকা)।
ঢাকা/শান্ত