চাঁপাইনবাবগঞ্জে এবারও ম্যাংগো ক্যালেন্ডার থাকছে না
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আম বাজারজাতকরণ ও পরিবহন সংক্রান্ত মতবিনিময় সভা হয়।
চাঁপাইনবাবগঞ্জে আম পাড়ার জন্য গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও নির্দিষ্ট সময়সীমা বা ‘ম্যাংগো ক্যালেন্ডার’ থাকছে না। ফলে আম পরিপক্ক হলেই চাষিরা তা গাছ থেকে নামিয়ে বাজারজাত করতে পারবেন।
সোমবার (১১ মে) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আম বাজারজাতকরণ ও পরিবহন সংক্রান্ত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী সভায় বলেন, বিগত ৩ বছরের অভিজ্ঞতার আলোকে এ বছর জেলায় ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন করা হচ্ছে না।
চাষি ও ব্যবসায়ীরা জানান, জেলার বাগানে কয়েক দফায় মুকুল আসায় সব আম একসঙ্গে পাকে না, তাই সময়সীমা বেঁধে দিলে আগাম পাকা আম নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। জেলা প্রশাসক হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি রাসায়নিক ব্যবহার করে অপরিপক্ক আম বাজারজাত করে তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তবে ম্যাংগো ক্যালেন্ডার না থাকায় চাষিদের মনে স্বস্তি ফিরলেও ওজনে কারচুপি নিয়ে সভায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। চাষিরা অভিযোগ করেন, জেলার বিভিন্ন বাজারে মণের প্রচলিত নিয়ম তোয়াক্কা না করে পাইকাররা ৪৫ থেকে ৫০ কেজি, এমনকি কোথাও মণপ্রতি ৫৪ কেজি পর্যন্ত আম আদায় করছেন।
তারা বলেন, পচনশীল পণ্য হওয়ায় বাগান থেকে আম নামানোর পর চাষিরা অনেকটা জিম্মি হয়ে পড়েন এবং দ্রুত বিক্রির চাপে বাড়তি ওজন দিতে বাধ্য হন, যা তাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
ম্যাংগো ফাউন্ডেশনের সদস্য সচিব আহসান হাবিবসহ অনেকে এই বৈষম্যমূলক ব্যবস্থা থেকে মুক্তি ও অভিন্ন ওজন নির্ধারণের দাবি জানানো হলে জেলা প্রশাসক জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আলোচনা হয়েছে এবং দ্রুত একটি যৌক্তিক সমাধানের চেষ্টা চলছে, যাতে চাষিরা আর প্রতারিত না হয়।
লোকসানের অজুহাতে এ বছর বন্ধ থাকছে জনপ্রিয় ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’। রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার আল মামুন এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে জানান, গত বছর চাঁপাইনবাবগঞ্জ থেকে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করা হলেও চাষিদের পক্ষ থেকে কাঙ্ক্ষিত সাড়া মেলেনি। পুরো মৌসুমে মাত্র ৫ দিন আম পরিবহন করা হয়। বিশাল এই ট্রেনে প্রতিদিন গড়ে মাত্র ২ থেকে ৩ টন আম ঢাকায় পাঠানো হয়েছে, যা রেলওয়ের জন্য আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবার ট্রেনটি না চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশের বৃহত্তম আম বাজার কানসাটের যানজট নিরসনে সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং তীব্র গরমে অসুস্থ হওয়া ব্যবসায়ীদের চিকিৎসায় দ্রুত একটি মেডিকেল টিম গঠনের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার, কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ইয়াছিন আলী, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সরফ উদ্দিনসহ জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ আম চাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
ঢাকা/শিয়াম/বকুল
লাইফ সাপোর্টে অভিনেতা আতাউর রহমান