শেষ রোমাঞ্চের অপেক্ষা
বেরসিক বৃষ্টির বাগড়ায় আবারও বাধাগ্রস্ত হলো ঢাকা টেস্ট। ফলে ম্যাচটি রসিয়ে রসিয়ে উপভোগ করার সুযোগ পেলেন না ক্রিকেটপ্রেমীরা। স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য মাঠে প্রবেশ ছিল ফ্রি। তবে খেলার চেয়ে বৃষ্টিভেজা আনন্দই যেন তাদের কাছে বেশি উপভোগ্য হয়ে উঠেছিল। তাই স্টেডিয়ামের মূল ফটক ঘিরে আসা-যাওয়ার পথগুলোতেই বৃষ্টিতে ভিজে উচ্ছ্বাসে মেতে ওঠে তারা।
এভাবেই আনন্দময় দুপুর ও বিকেল কেটে যায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে দিনের খেলায় মাত্র ৪৯.৩ ওভার মাঠে গড়ায়। তাতেও বোঝা যায়নি, এখন পর্যন্ত ম্যাচে কোন দল এগিয়ে। বৃষ্টিতে সোয়া দুই ঘণ্টার বেশি সময় নষ্ট না হলে হয়তো ম্যাচের মোড়টা কিছুটা স্পষ্ট হতো। আর শেষে ছিল আলোকস্বল্পতা। তাতে টেস্ট ক্রিকেটে ম্যাড়ম্যাড়ে দিন কাটল।
আগামীকাল, মঙ্গলবার টেস্টের পঞ্চম দিনে শেষ রোমাঞ্চ অপেক্ষা করছে। সোমবার ৭ রানে দিন শুরু করে বাংলাদেশ তুলেছে ৩ উইকেটে ১৫২ রান। সব মিলিয়ে লিড ১৭৯। মুশফিকুর রহিম ১৬ ও নাজমুল হোসেন শান্ত ৫৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। এর আগে মুমিনুল ৫৬ রান তুলে ফিরেছেন সাজঘরে। দুই ওপেনার ভালো করেননি। মাহমুদুল হাসান জয় ৫ ও সাদমান ইসলাম ১০ রানে ফেরেন সাজঘরে।
দুই ওপেনার দিনের প্রথম ঘণ্টায় সাজঘরে ফিরলে বাংলাদেশ কিছুটা চাপে পড়েছিল। কিন্তু প্রথম ইনিংসের মতো এবারও হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। দেয়াল হয়ে দাঁড়িয়ে শুধু দলকে বিপদমুক্ত করেননি, প্রতি আক্রমণে গিয়ে রান বাড়ানোর চেষ্টা করেছেন। শান্ত আফ্রিদিকে দারুণ ফ্লিক শটে চার মেরেছেন। হাসান আলীর বল অন ড্রাইভে পাঠিয়েছেন সীমানায়। মুমিনুল শুরুতে রয়েশয়ে থাকলেও সময় নিয়ে হাত খুলেছেন।
সকালের সেশনের প্রথম ঘণ্টা ছিল পাকিস্তানের, দ্বিতীয়টা বাংলাদেশের। মধ্যাহ্ন বিরতির পর দ্বিতীয় সেশন পুরোটাই পণ্ড হয়। এরপরও খেলা শুরু করা যায়নি। মাঠ শুকনো হলে আম্পায়াররা খেলা শুরু করেন। সোয়া ৬টা পর্যন্ত খেলা চালানোর পরিকল্পনা ছিল। কিন্তু আলোকস্বল্পতায় তা হয়নি।
ক্রিজে ফিরে মুমিনুল তুলে নিয়েছেন আরেকটি ফিফটি। প্রথম ইনিংসে ৯১ রান করেছিলেন। এবার করলেন ৫৬। আফ্রিদির বল খোঁচা দিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে বেশ সাবলীল ছিলেন তিনি। এই ইনিংস খেলার পথে মুমিনুল বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৫ হাজার রানের মাইলফলক পেরিয়ে যান। তার বিদায়ে ভাঙে নাজমুলের সঙ্গে গড়া ১০৫ রানের জুটি।
নাজমুল প্রথম ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন। আজ অপরাজিত আছেন ৫৮ রানে। কাল কতদূর যায় তার ব্যাট সেটাই দেখার। ম্যাচে জোড়া সেঞ্চুরির রেকর্ড আছে তার। এবার কী হবে?
ঢাকা/ইয়াসিন/আমিনুল
লাইফ সাপোর্টে অভিনেতা আতাউর রহমান