আমার মনে হয় না তারা সেটা করবে: সালমান
বৃষ্টির কারণে খেলা থেমে যাওয়ার পরও ম্যাচের রোমাঞ্চ কমেনি একটুও। বরং পঞ্চম দিনের টেস্টকে ঘিরে বাড়ছে উত্তেজনা। এমন অবস্থায় পাকিস্তানের ক্রিকেটার সালমান আলী আগা মনে করছেন, বাংলাদেশ চাইলে আরও দ্রুত রান তুলতে পারত। তবে তারা সেই পথে হাঁটেনি। তার মতে, বাংলাদেশ যদি সাহস দেখিয়ে দ্রুত রান তুলে পাকিস্তানকে লক্ষ্য দিত, তাহলে ম্যাচটি আরও খোলামেলা ও রোমাঞ্চকর হতে পারত।
চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে আসেন সালমান। তার প্রশ্নোত্তরগুলো তুলে ধরা হলো-
প্রশ্ন: সালমান, বৃষ্টির বিরতির পর এখন ম্যাচ নিয়ে আপনাদের পরিকল্পনা ও প্রত্যাশা কী?
সালমান আলী আগা: এই মুহূর্তে বলা কঠিন কে ম্যাচে এগিয়ে আছে। আমার মনে হয়, আগামীকাল টেস্ট ক্রিকেটের দারুণ এক দিন হতে যাচ্ছে। পঞ্চম দিন সবসময়ই উত্তেজনাপূর্ণ হয়। আমরা শুধু যত দ্রুত সম্ভব তাদের অলআউট করতে চাই। সেটাই আমাদের পরিকল্পনা। বাকিটা পরে দেখা যাবে।
প্রশ্ন: বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল বলেছেন, ৭০ থেকে ৭৫ ওভারে ২৬০ রান তাদের জন্য যথেষ্ট হতে পারে। যদি এমন লক্ষ্য পান, তাহলে কি জয়ের জন্য খেলবেন?
সালমান আলী আগা: অবশ্যই আমরা জয়ের জন্য খেলব। তারা যদি যথেষ্ট সাহসী হয় এবং ৭০ ওভারে ২৬০ রানের লক্ষ্য দেয়, তাহলে আমরা অবশ্যই রান তাড়া করব। তবে আমার মনে হয় না তারা সেটা করবে।
প্রশ্ন: যদি বাংলাদেশ আগামীকাল সকালে আরও দুই ঘণ্টা ব্যাটিং করে, তাহলে কি দিনের শেষের আগেই তারা আপনাদের অলআউট করতে পারবে বলে মনে করেন?
সালমান আলী আগা: তারা যদি আমাদের দুই সেশন সময় দেয় এবং লক্ষ্য থাকে প্রায় ২৫০ রান, তাহলে প্রথমে আমরা রান তাড়ার চেষ্টা করব। এরপর দেখব উইকেট কেমন আচরণ করছে। তবে এই মুহূর্তে আমরা ম্যাচ জিততেই চাই।
প্রশ্ন: বৃষ্টির পর বাংলাদেশ কেন আরও দ্রুত রান তুলছে না বলে মনে করেন?
সালমান আলী আগা: বৃষ্টির পর তারা দ্রুত রান তোলেনি। কিন্তু তখনও প্রায় দুই ঘণ্টা খেলা বাকি ছিল। তাই সময় ছিল যথেষ্ট। আগামীকাল তারা হয়তো দ্রুত রান তোলার চেষ্টা করবে এবং আমাদের লক্ষ্য দেবে। দেখা যাক কী হয়।
প্রশ্ন: আপনি বারবার ৭০ ওভারে ২৬০ রানের কথা বলছেন। কেন মনে হচ্ছে বাংলাদেশ সেটা করবে না?
সালমান আলী আগা: সেটা করতে হলে তাদের এখনকার লিড থেকে আরও প্রায় ১০০ রান তুলতে হবে, সেটাও ২০ ওভারের মধ্যে। তারা যদি সেটা করতে পারে, তাহলে অসাধারণ হবে। কিন্তু এটা খুব ঝুঁকিপূর্ণও। ব্যক্তিগতভাবে আমি চাই তারা এমন করুক। আমি চাই তারা আমাদের ৬০-৭০ ওভারে ২৬০ রানের লক্ষ্য দিক। কিন্তু আমার মনে হয় না তারা সেটা করবে।
প্রশ্ন: তাহলে কি আপনি মনে করছেন বাংলাদেশ নিরাপদ পথে হাঁটবে এবং ড্র করার চেষ্টা করবে?
সালমান আলী আগা: না, আমি সেটা বলছি না। তারা কী ভাবছে, সেটা আমি জানি না। আমি শুধু বলছি, আমাদের দল হিসেবে আমরা কী চাই। আমি চাই না তারা ২৭০ রান করুক। কারণ সেটার জন্য তাদের এখনও অনেক রান করতে হবে। আমরা চাই যত দ্রুত সম্ভব তাদের অলআউট করতে। তবে তারা যদি ৭০ ওভারে ২৬০-২৭০ রান দেয়, তাহলে ম্যাচ দুই দলের জন্যই খোলা থাকবে।
প্রশ্ন: আপনি কি বলতে চাইছেন বাংলাদেশ যথেষ্ট সাহসী নয়, তাই দুই সেশন ও ২৫০ রানের লক্ষ্য দেবে না?
সালমান আলী আগা: না, আমি এটা বলছি না যে তারা সাহসী নয়। আমি শুধু বলছি, তাদের জন্য সবচেয়ে ভালো হবে আগে আমাদের ম্যাচ থেকে ছিটকে দেওয়া, তারপর লক্ষ্য নির্ধারণ করা। তবে তারা যদি ৭০ ওভারে ২৬০-২৭০ রান দেয়, তাহলে আমরাও ম্যাচে থাকব। ব্যক্তিগতভাবে আমি চাই তারা এমন করুক।
প্রশ্ন: টেস্ট ম্যাচ এখন ছোট হচ্ছে, কিন্তু তারপরও ফল আসছে, তাই না?
সালমান আলী আগা: হ্যাঁ, কারণ এখন এমন উইকেট তৈরি করা হচ্ছে যেখানে ফল বেরিয়ে আসে। বোলারদের জন্য যেমন সহায়তা থাকে, ব্যাটারদের জন্যও থাকে। তাই ড্র করা কঠিন হয়ে যাচ্ছে। ফলে ম্যাচগুলো ফলনির্ভরই হচ্ছে।
ঢাকা/আমিনুল
লাইফ সাপোর্টে অভিনেতা আতাউর রহমান