ইবিতে শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের মিছিল
ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ছাত্রশিবিরের গুম, অপহরণের নাটক ও ধর্ষণের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল।
রবিবার (১৪ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে মিছিল বের করে তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়।
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “আমরা গভীর উদ্বেগের সঙ্গে দেখছি, কেন্দ্রীয় পর্যায়ের এক শিবির নেতার বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ আড়াল করতে গুমের নাটক সাজানোর চেষ্টা করা হচ্ছে। একইসঙ্গে এক কথিত প্রেমিকার গর্ভের ভ্রূণ নষ্ট করার অভিযোগও জনমনে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করেছে। প্রকৃত গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের দীর্ঘদিনের কষ্ট ও সংগ্রামকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার, বিকৃত বা খাটো করার যেকোনো চেষ্টা নিন্দনীয়। এ ধরনের কর্মকাণ্ড শুধু সত্যকে আড়াল করে না, বরং প্রকৃত ভুক্তভোগীদের প্রতিও চরম অসম্মান প্রদর্শন করে।”
তিনি আরো বলেন, “আমরা উত্থাপিত সকল অভিযোগের নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্তের জোর দাবি জানাই। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা সংগঠন আইনের ঊর্ধ্বে নয়। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সত্য গোপন, অপপ্রচার এবং অপরাধ আড়াল করার সংস্কৃতির অবসান ঘটিয়ে ন্যায়বিচার, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা হোক।”
মিছিলে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ, আহসান হাবীব, আনারুল ইসলাম, সদস্য রাফিজ, নূর উদ্দিন-সহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ঢাকা/তানিম/জান্নাত
হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩