ঢাকা     রোববার   ১৪ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩ || ২৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

তরুণদের প্রযুক্তি ব্যবহারকারী নয়, উদ্ভাবক হিসেবে গড়তে হবে: বিজ্ঞানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০০, ১৪ জুন ২০২৬   আপডেট: ১৭:০১, ১৪ জুন ২০২৬
তরুণদের প্রযুক্তি ব্যবহারকারী নয়, উদ্ভাবক হিসেবে গড়তে হবে: বিজ্ঞানমন্ত্রী

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, “পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় আমাদের তরুণদের শুধু প্রযুক্তির ব্যবহারকারী হিসেবে নয়, বরং প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে বিজ্ঞান শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি বিজ্ঞানমনস্ক সংস্কৃতি গড়ে তোলা অত্যন্ত জরুরি।”

রবিবার (১৪ মে) রাজধানীর আগারগাঁওয়ে বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স মিলনায়তনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।

মন্ত্রী বলেন, “বর্তমান বিশ্বে যে জাতি জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনে যত এগিয়ে, সে জাতি অর্থনীতি, শিল্প, শিক্ষা ও সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রেও তত এগিয়ে। তাই, বিজ্ঞানচর্চা কেবল একটি একাডেমিক কার্যক্রম নয়; এটি একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের অন্যতম ভিত্তি এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ।”

তিনি বলেন, “বিজ্ঞান মানবসভ্যতার অগ্রযাত্রার প্রধান চালিকাশক্তি। ইতিহাসের প্রতিটি যুগে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনযাত্রাকে আরো সহজ, সমৃদ্ধ ও উন্নত করেছে। বিজ্ঞানমনস্ক, উদ্ভাবনী ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গঠনের অভিযাত্রায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”

মন্ত্রী বলেন, “বাংলাদেশ আজ উন্নয়ন ও অগ্রগতির নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে। উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হলে দক্ষ মানবসম্পদ, গবেষণাসক্ষম প্রতিষ্ঠান এবং উদ্ভাবনী চিন্তাশক্তিসম্পন্ন তরুণ প্রজন্ম গড়ে তোলার কোনো বিকল্প নেই।”

অনুষ্ঠানে উপস্থিত তরুণ উদ্ভাবকদের প্রশংসা করে তিনি বলেন, “দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবকদের সৃজনশীল প্রকল্প ও গবেষণামূলক কাজ ভবিষ্যতের বাংলাদেশকে আরো সমৃদ্ধ করবে।”

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, “প্রতিটি বড় আবিষ্কারের শুরু হয় একটি ছোট প্রশ্ন থেকে। তাই প্রশ্ন করতে শিখতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নতুন কিছু জানার চেষ্টা করতে হবে এবং ব্যর্থতাকে ভয় না পেয়ে নতুন কিছু উদ্ভাবনের সাহস অর্জন করতে হবে।”

বিশ্ব বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে, উল্লেখ করে তিনি বলেন, “জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বিজ্ঞান শিক্ষায় দক্ষতা অর্জনের পাশাপাশি ব্যবহারিক ও কারিগরি শিক্ষায়ও পারদর্শী হতে হবে। আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার বিকল্প নেই।”

ক্ষুদে উদ্ভাবকদের উদ্দেশে ফকির মাহবুব আনাম জানান, তরুণদের ভবিষ্যৎ নিশ্চিত করতে কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি ও ভাষাগত দক্ষতা উন্নয়ন, স্টার্টআপ ও উদ্যোক্তা সহায়তা, বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে সংযুক্তি এবং মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে সরকারের বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়নাধীন রয়েছে।
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি বলেন, “১৯৭৮ সালে তরুণদের উদ্ভাবনী শক্তিকে জাতীয় উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে তিনি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সূচনা করেছিলেন।” ৪৭তম এই আয়োজনে অংশ নিতে পেরে তিনি নিজেকে গর্বিত ও ধন্য মনে করেন।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, “তোমরাই আগামী দিনের বিজ্ঞানী, প্রকৌশলী, গবেষক, প্রযুক্তিবিদ ও উদ্ভাবক। তোমাদের কৌতূহল, অনুসন্ধিৎসা ও সৃজনশীলতাই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।”

তিনি আশা প্রকাশ করেন যে বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা এবং উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনীর মতো কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক চিন্তাভাবনা, সৃজনশীলতা এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, “এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। ইতোমধ্যে দেশের তরুণ বিজ্ঞানী ও প্রকৌশলীরা সেখানে কাজের সুযোগ পাচ্ছেন। একইসঙ্গে দেশের অনেক শিক্ষার্থী বিশ্বের খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণ করছে।”

তিনি শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখতে, লক্ষ্য স্থির করতে এবং অধ্যবসায়ের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

মন্ত্রী জানান, বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের সহায়তায় সরকার আর্থিক সহযোগিতা প্রদান করছে এবং মেধাবী শিক্ষার্থীদের পাশে আছে।

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়