ঢাকা     রোববার   ১৪ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩ || ২৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর সভা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০২, ১৪ জুন ২০২৬   আপডেট: ১৯:০৩, ১৪ জুন ২০২৬
বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর সভা

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিস্তৃত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন প্রক্রিয়া এবং সম্ভাব্য সুফল নিয়ে একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন:

রবিবার (১৪ জুন) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় বিআরটি প্রকল্পের বর্তমান অগ্রগতি এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে রাজধানী ও গাজীপুর অঞ্চলের যাতায়াত ব্যবস্থায় সম্ভাব্য ইতিবাচক পরিবর্তন এবং যানজট নিরসনে এর ভূমিকা তুলে ধরা হয়।

সভায় উপস্থিত বিশেষজ্ঞরা প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে মতামত দেন। বিশেষ করে, বিআরটির নকশা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রীসেবা, পরিচালন কাঠামো এবং সামগ্রিক কার্যকারিতা বিষয়ে তারা নিজেদের পর্যবেক্ষণ ও পরামর্শ তুলে ধরেন।

সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক মো. শামসুল হক, মোসলেহ উদ্দীন হাসান, মো. হাদিউজ্জামান ও রাকিব আহসান, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মঈনুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/নজরুল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়