ঢাকা     রোববার   ১৪ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩ || ২৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে ১০ শয্যার আইসিইউ উদ্বোধন, ৯টি ভেন্টিলেটর নষ্ট 

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৩, ১৪ জুন ২০২৬  
গোপালগঞ্জে ১০ শয্যার আইসিইউ উদ্বোধন, ৯টি ভেন্টিলেটর নষ্ট 

সংসদ সদস্য ডা. কে এম বাবর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে আইসিইউ বিভাগের উদ্বোধন করেন।

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বহুল প্রতীক্ষিত ১০ শয্যার আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) বিভাগের উদ্বোধন করা হয়েছে। তবে উদ্বোধনের পরপরই ২০২০ সালে ক্রয় করা ১০টি শয্যার মধ্যে ৯টির ভেন্টিলেটর অকেজো থাকার বিষয়টি সামনে এলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্টরা।

আরো পড়ুন:

আজ রবিবার (১৪ জুন) দুপুরে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে আইসিইউ বিভাগের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, ‘‘আমি ভেন্টিলেটর অকেজো থাকার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো। দ্রুততম সময়ের মধ্যে নতুন ভেন্টিলেটর মেশিন এনে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ চালু করবো।’’

সংসদ সদস্য আরো বলেন, “আমি জানাতে চাই, গত ছয় বছর ধরে এখানে যন্ত্রপাতিগুলো কেন অকেজো হয়ে পড়ে ছিল? কেন আমরা এটি চালু করতে পারিনি? আমাদের সরকারের বয়স সাড়ে তিন মাসও হয়নি। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আজ দেশের ১০টি জেলায় এই আইসিইউ উদ্বোধন হয়েছে, যার মধ্যে গোপালগঞ্জও রয়েছে। ২০২০ সালে যারা এসব ভুয়া যন্ত্রপাতি সরবরাহ করেছে, বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর মাধ্যমে আমরা তাদের বিচার চাই।’’ 

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস বলেন, মুমূর্ষু রোগীদের লাইফ সাপোর্টের জন্য ভেন্টিলেশন সুবিধাসহ ১০ শয্যার আইসিইউর যাবতীয় মালামাল ২০২০ সালে তৎকালীন সরকারের আমলে কেনা হয়। এগুলো একদিকে যেমন নিম্নমানের, অন্যদিকে দীর্ঘদিন চালু না করে ফেলে রাখায় এখন একদমই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। 

আইসিইউ ওয়ার্ডটি সার্বক্ষণিকভাবে সচল রাখার জন্য যে পরিমাণ দক্ষ জনবল দরকার, তাও বর্তমানে পর্যাপ্ত নেই বলে জানান এই কর্মকর্তা।

ঢাকা/বাদল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়