ঢাকা     রোববার   ১৪ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩ || ২৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জাপানে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রবাসীদের সম্পৃক্ততা চান নুর

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৬, ১৪ জুন ২০২৬  
জাপানে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রবাসীদের সম্পৃক্ততা চান নুর

বাংলাদেশি তরুণদের জন্য জাপানে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে যাত্রা শুরু করেছে বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টার (বিজেকেসি)। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূর বিদেশে কর্মী প্রেরণে সফল হতে প্রবাসী কমিউনিটিকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ উপলক্ষে শনিবার (১৪ জুন) রাজধানীর রেনেসাঁস ঢাকা গুলশান হোটেলে ‘বাংলাদেশ-জাপান ক্যারিয়ার ডায়ালগ: এডুকেশন টু এমপ্লয়মেন্ট’ শীর্ষক একটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূর বলেন, “প্রতিবছর ১০ থেকে ১৩ লাখ মানুষ বিদেশে কর্মসংস্থানের জন্য যান, যাদের প্রায় ৮০ শতাংশের গন্তব্য মধ্যপ্রাচ্যের দেশগুলো। এই একমুখী নির্ভরতা বাংলাদেশের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। কারণ কোনো একটি দেশের নীতিগত পরিবর্তন হলে লাখো পরিবারের জীবিকা হুমকির মুখে পড়তে পারে।”

তিনি আরো বলেন, “বাংলাদেশের জনমিতিক সুবিধা (ডেমোগ্রাফিক ডিভিডেন্ড) দীর্ঘদিন থাকবে না। অন্যদিকে, জাপানসহ ইউরোপের বিভিন্ন দেশে দক্ষ জনশক্তির চাহিদা বাড়ছে। তাই এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি না নিলে এই সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে।”

বিদেশে কর্মী প্রেরণের ক্ষেত্রে সফলতা অর্জন করতে হলে সংশ্লিষ্ট দেশে বসবাসরত বাংলাদেশি ডায়াস্পোরা কমিউনিটিকে সরকারের সঙ্গে সম্পৃক্ত করতে হবে, বলেও মনে করেন তিনি।
গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক মোহাম্মদ রিদওয়ানুল হক। তিনি বলেন, “বাংলাদেশের ৪ কোটি ৬০ লাখ তরুণ এবং প্রতিবছর বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া প্রায় ৬ লাখ ৪৭ হাজার গ্র্যাজুয়েট দেশের সবচেয়ে বড় সম্পদ। জাপানে দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা থাকলেও বাংলাদেশ এখনো সেই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারেনি।”

তিনি শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে বিজেকেসিকে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে উল্লেখ করেন।

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, জাপানের শ্রমবাজারে বাংলাদেশি তরুণদের অংশগ্রহণ বাড়াতে ভাষা দক্ষতা, প্রশিক্ষণ ও সনদায়নের মান উন্নয়ন জরুরি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়, শিল্পখাত এবং সরকারের মধ্যে সমন্বয় আরো জোরদার করার প্রয়োজন রয়েছে।

অনুষ্ঠানে বিজেকেসির নির্বাহী পরিচালক কানিজ ফাতিমার সঞ্চালনায় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) চেয়ারম্যান ড. নাজনীন, ড. মুনিয়া আমিন এবং বিডিজবসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম মাশরুরসহ সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরভিং এডুকেশন ও প্রবাসী সেবা লিমিটেডের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টার (বিজেকেসি)।

ঢাকা/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়