জাবিতে বড় পর্দায় বিশ্বকাপ দেখার আয়োজন করেছে জাকসু
জাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফুটবল বিশ্বকাপ উপলক্ষে জাবিতে শিক্ষার্থীদের জন্য বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।
রবিবার (১৪ জুন) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে ব্রাজিল ও মরক্কোর মধ্যকার ম্যাচ প্রদর্শনের মাধ্যমে এ আয়োজনের আনুষ্ঠানিক সূচনা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে সেলিম আল দীন মুক্তমঞ্চে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। তবে শিক্ষার্থীদের সাড়া বিবেচনায় ভবিষ্যতে বটতলা ও জাকসু প্রাঙ্গণেও বড় পর্দা স্থাপনের পরিকল্পনা রয়েছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে ক্যাম্পাসের তিনটি স্থানে বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার করা হবে।
জাকসুর ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরণ বলেন, “শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আমরা বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখার ব্যবস্থা করেছি। আপাতত সেলিম আল দীন মুক্তমঞ্চে আয়োজন শুরু হয়েছে। পরবর্তীতে শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে আরো দুটি স্থানে বড় পর্দা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।”
নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, “বিশ্বকাপের বেশির ভাগ ম্যাচ গভীর রাতে অনুষ্ঠিত হবে। তাই শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ক্যাম্পাসে কোনো অপরিচিত ব্যক্তি বা সন্দেহজনক কিছু চোখে পড়লে দ্রুত নিরাপত্তা দপ্তরকে জানানোর জন্য শিক্ষার্থীদের অনুরোধ করছি।”
বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন, “মুক্তমঞ্চে বন্ধু ও সহপাঠীদের সঙ্গে বসে প্রিয় দলের খেলা দেখার অনুভূতি অসাধারণ। বড় পর্দার এই আয়োজন বিশ্বকাপের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। তবে আরো বড় পর্দার ব্যবস্থা করা হলে ভালো হতো।”
নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আফনান বলেন, “ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে একসঙ্গে খেলা দেখার অভিজ্ঞতা আলাদা। গভীর রাতে খেলা হলেও নিরাপত্তা ব্যবস্থা ও স্বেচ্ছাসেবকদের উপস্থিতির কারণে আমরা স্বাচ্ছন্দ্যে খেলা উপভোগ করতে পারছি।”
শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।
নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, “ক্যাম্পাসে সার্বক্ষণিক নিরাপত্তা টহল জোরদার করা হবে। খেলা দেখার নির্ধারিত স্থানগুলোতে অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন থাকবে। শিক্ষার্থীরা যাতে উৎসবমুখর ও নির্বিঘ্ন পরিবেশে খেলা উপভোগ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
ঢাকা/আহসান/জান্নাত
হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩