ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশের ধারাবাহিকতার লড়াই, অস্ট্রেলিয়ার দাপট ফেরানোর মিশন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৭, ১৭ জুন ২০২৬   আপডেট: ০৮:৩২, ১৭ জুন ২০২৬
বাংলাদেশের ধারাবাহিকতার লড়াই, অস্ট্রেলিয়ার দাপট ফেরানোর মিশন

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন বুদ হয়ে আছে গোটা পৃথিবী, বিশ্ব যখন ব্রাজিল-আর্জেন্টিনা কিংবা পর্তুগাল-জার্মানির পক্ষে-বিপক্ষে গলা ফাটাচ্ছে তখন বল-ব‌্যাট নিয়ে মাঠে লড়াইয়ের অপেক্ষায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।

আরো পড়ুন:

দুই দলের তিন ম্যাচের প্রথম টি-টোয়েন্টি শুরু হচ্ছে আজ বন্দরনগরী চট্টগ্রামে। দুপুর ২টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে।

প্রথমবার অস্ট্রেলিয়া চট্টগ্রামে টি-টোয়েন্টি খেলতে মাঠে নামছে। এর আগে বাংলাদেশে ছয়টি টি-টোয়েন্টি খেলেছে তারা। ছয়টিই হয়েছিল মিরপুরে। এবার প্রথমবার চট্টগ্রামে সাদা বলের ক্রিকেট খেলবে অসিরা। লাল বলে ২০১৭ সালে একটি টেস্ট খেলেছিলেন স্মিথ, ওয়ার্নাররা।

ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ।অন‌্যদিকে সফরকারীরা টি-টোয়েন্টি সংস্করণে নামার আগে স্বাভাবিকভাবেই কিছুটা ব্যাকফুটে। তবে তাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে নিয়মিত ক্রিকেটাররা ফেরায়। টি-টোয়েন্টি দলে যোগ দিয়েছেন অধিনায়ক মিচেল মার্শ, টিম ডেভিড। ফলে টি-টোয়েন্টি সিরিজে সফরকারীদের শক্তি কিছুটা হলেও বেড়েছে।

অস্ট্রেলিয়ার অধিনায়ক একই কথা বললেন, ‘‘আমরা দারুণ খেলে এ সিরিজটি জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামবো। ওয়ানডের তুলনায় টি-টোয়েন্টি স্কোয়াডে বেশকিছু পরিবর্তন আসায় নতুনদের সঙ্গে অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে দল আরো শক্তিশালী হয়েছে। সব মিলিয়ে তরুণ ও অভিজ্ঞতার সমন্বয়ে গড়া দল নিয়ে টি-টোয়েন্টি চ্যালেঞ্জ নিতে আমরা প্রস্তুত।’’

বাংলাদেশের অধিনায়ক লিটন দাসের প্রধান লক্ষ্য মাঠে জয় দিয়ে সিরিজ শুরু করা। আগের দিন সংবাদ সম্মেলনে লিটনের কণ্ঠে সবচেয়ে বেশি ফুটে উঠেছে দলের আত্মবিশ্বাস, ‘‘শুধু সিরিজ জয় নয় ওয়ানডে সিরিজে ভালো খেলেছে বাংলাদেশ। সে ইতিবাচক দিকটাই টি-টোয়েন্টি সিরিজের বাড়তি শক্তি হিসেবে কাজ করবে। আমরা তিনটি ম্যাচেই ভালো ক্রিকেট খেলেছি।’’

২০২১ সালে বাংলাদেশে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেছিল অস্ট্রেলিয়া। ৪-১ ব‌্যবধানে বাংলাদেশ সিরিজ জিতলেও খেলার মান, উইকেটের মান নিয়ে ছিল বিরাট প্রশ্ন। কেননা লো অ্যান্ড স্পিন উইকেট বানিয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়ার জন‌্য ফাঁদ পেতেছিল। তাতে সাফল‌্য ধরা দিলেও ক্রিকেটের সৌন্দর্য টিকেনি।

সময় পাল্টেছে। ভাবনারও পরিবর্তন এসেছে। ঢাকায় অস্ট্রেলিয়াকে স্পোর্টিং উ্ইকেট অফার করেছিল বাংলাদেশ। চট্টগ্রামেও হবে তেমন কিছু। টি-টোয়েন্টি সিরিজে নাহিদ ও তাসকিনরা ফিরেছেন। নিউ জিল‌্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজে তারা ছিলেন না। নিজের দল নিয়ে লিটন বেশ আত্মবিশ্বাসী, শক্তিশালী প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ পূর্ণশক্তির দল পেয়েছে। মোস্তাফিজ, তাসকিন, শরিফুল ও তরুণ নাহিদ রানাকে নিয়ে গড়ে উঠেছে পেস আক্রমণ। স্পিন বিভাগে রিশাদ, নাসুম আছেন। পেস অলরাউন্ডার হিসেবে আছেন আব্দুল গাফফার সাকলাইন। টিম কম্বিনেশন কেমন হবে তা নির্ভর করবে উইকেট ও কন্ডিশনের উপর।’

এদিকে, বাংলাদেশের পেস আক্রমণের প্রশংসা করে মার্শ বলেছেন, ‘‘বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা দারুণ রোমাঞ্চকর যে তাদের কিছু ভালো পেসার আছে। ওয়ানডেতে আমাদের কঠিন সময় গেছে। তারা এখন খুব গোছানো একটা দল এবং দারুণ ক্রিকেট খেলছে।’’

দলে হুট করে নেয়া হয়েছে সৌম‌্য সরকারকে। লিটনের জ্বর ও খানিকটা চোট থাকায় আজকের ম‌্যাচে থাকবেন ফিফটি-ফিফটি হয়ে। খেলবেন কিনা শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবেন। পারভেজ হোসনে ইমনেরও জ্বর। বাংলাদেশের ইনিংস উদ্বোধন কে করেন এবং তিনে কে খেলবেন তা নিয়ে জল্পনা কল্পনা থাকবেই। পরিস্থিতি, পরিবেশ যেমনই হোক। লিটন গুরুত্ব দিলেন ভালো ক্রিকেট খেলার উপর, ‘‘যেকোনো দলের বিপক্ষে জিততে হলে ওই নির্দিষ্ট দিনে খুবই ভালো ক্রিকেট খেলতে হবে।’’

সাগরিকার মাঠে বুধবারের লড়াই শুধু একটি ম্যাচ নয়, বরং দুই দলের জন্যই নিজেদের সামর্থ্য প্রমাণের বড় মঞ্চ। বাংলাদেশের সামনে রয়েছে ওয়ানডের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ, আর অস্ট্রেলিয়া চাইবে নিজেদের চিরচেনা আধিপত্যে ফিরে যেতে। তাই সমান প্রত্যাশা আর প্রতিদ্বন্দ্বিতার আবহে জমে উঠতে যাচ্ছে ম্যাচটি, যেখানে শেষ পর্যন্ত স্নায়ুচাপ সামলে যে দল নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে, তারাই হাসবে বিজয়ের হাসি।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়