ঢাকা     মঙ্গলবার   ১৬ জুন ২০২৬ ||  আষাঢ় ২ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

মেসিকে মাঠে বসে দেখার স্মৃতিচারণ মনির খানের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০০, ১৬ জুন ২০২৬   আপডেট: ২২:০২, ১৬ জুন ২০২৬
মেসিকে মাঠে বসে দেখার স্মৃতিচারণ মনির খানের

মনির খান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ফুটবলের প্রতি ভালোবাসা বরাবরই প্রকাশ্যে তুলে ধরেন জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে এবার প্রিয় দল আর্জেন্টিনা এবং অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেছেন তিনি।

আরো পড়ুন:

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে মনির খান জানান, কিশোর বয়সে কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার খেলা দেখেই আর্জেন্টিনার সমর্থক হয়ে উঠেছিলেন। সময়ের সঙ্গে সেই ভালোবাসা আরো গভীর হয়েছে।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, “কিশোর বয়সে ম্যারাডোনার খেলা দেখে আর্জেন্টিনার প্রেমে পড়েছিলাম। এক যুগেরও বেশি সময় ধরে লিওনেল মেসি তার শৈল্পিক ফুটবলের জাদুতে বিশ্ববাসীকে মুগ্ধ করে রেখেছেন।”

মেসির খেলা সরাসরি মাঠে বসে দেখার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন এই শিল্পী। তিনি জানান, ২০২২ সালের কাতার বিশ্বকাপে লুসাইল স্টেডিয়ামে বসে আর্জেন্টাইন অধিনায়কের খেলা উপভোগ করার সৌভাগ্য হয়েছিল তার।

মনির খান লিখেছেন, “গত বিশ্বকাপে কাতারের লুসাইল স্টেডিয়ামে বসে মেসির খেলা দেখার সৌভাগ্য হয়েছিল। সেই অভিজ্ঞতা আজও আমার কাছে স্মরণীয় হয়ে আছে।”

আসন্ন বিশ্বকাপ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “এটি হয়তো মেসির শেষ বিশ্বকাপ হতে পারে। তবে বিশ্বজয়ী এই তারকার নেতৃত্বে আর্জেন্টিনা আবারো সাফল্যের পথে এগিয়ে যাবে।”

তিনি লিখেছেন, “এটাই হয়তো মেসির শেষ বিশ্বকাপ। আমি আশাবাদী, তার নান্দনিক ফুটবল ও অসাধারণ নৈপুণ্যে আর্জেন্টিনা আবারও জয়ের বন্দরে পৌঁছাবে।”

মনির খানের এই স্ট্যাটাস প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই আর্জেন্টিনা ও মেসির প্রতি নিজেদের সমর্থনের কথা জানিয়েছেন। আবার কেউ কেউ বিশ্বকাপের মঞ্চে মেসির আরেকটি স্মরণীয় পারফরম্যান্স দেখার প্রত্যাশাও ব্যক্ত করেছেন।

সংগীতাঙ্গনের জনপ্রিয় এই শিল্পী কয়েক দশক ধরে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে আছেন। ১৯৯৬ সালে প্রকাশিত তার প্রথম একক অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’ ব্যাপক সাড়া ফেলে। এরপর একে একে প্রকাশিত হয়েছে ৪২টিরও বেশি একক অ্যালবাম। পাশাপাশি চলচ্চিত্রের গানেও তিনি অর্জন করেছেন ব্যাপক জনপ্রিয়তা।

সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মনির খান জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা অর্জন করেছেন। 

ঢাকা/রাহাত/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়