চট্টগ্রামে যুবদল নেতা মাসুদ হত্যা: আসামি রায়হান গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
এজাহারভুক্ত আসামি মো. রায়হানকে গ্রেপ্তার করেছে র্যাবের সদস্যরা।
চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে গুলি করে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি মো. রায়হানকে (২৪) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গ্রেপ্তার হওয়া মো. রায়হান (২৪) একইসঙ্গে একটি ডাকাতি প্রস্তুতি মামলার তদন্তে প্রাপ্ত আসামি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন গ্রেপ্তারের তথ্য জানান।
র্যাব-৭ এর পক্ষ থেকে জানানো হয়, গত রোববার (১৪ জুন) রাত ১০টার দিকে দিকে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের বড় ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, নিহত মাকসুদুল হক চৌধুরী মাসুদ রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি রাউজান সংলগ্ন বেতাগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, রাজনৈতিক ও নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার জের ধরে তাকে হত্যার পরিকল্পনা করা হয়।
শনিবার (১৩ জুন) দুপুরে রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজার এলাকায় একটি ফার্মেসির সামনে অবস্থানকালে সশস্ত্র দুর্বৃত্তরা সিএনজিচালিত অটোরিকশাযোগে এসে মাসুদকে লক্ষ্য করে গুলি ছোড়ে। মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে তিনি নিহত হন।
র্যাবের ভাষ্য অনুযায়ী, হামলার পর ভিকটিমের মৃত্যু নিশ্চিত হওয়ার পর রায়হান তার পকেট থেকে মানিব্যাগ ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের বড় ভাই পেয়ারুল হক চৌধুরী বাদী হয়ে রাউজান থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরো ৭ থেকে ৮ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলাটি ১৬ জুন রুজু করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত পলাতক আসামি রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
আলোচিত এ হত্যাকাণ্ডের পর রাউজান ও রাঙ্গুনিয়া এলাকায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ ও র্যাব যৌথভাবে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ঢাকা/রেজাউল/বকুল