সংসদ মুখে মুখে চলে না, কার্যপ্রণালী বিধি মেনে কথা বলতে হবে: স্পিকার
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ছবি: সংগৃহীত
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জাতীয় সংসদ সংবিধান ও কার্যপ্রণালী বিধির ভিত্তিতে পরিচালিত হয়। সংসদের ৩৫০ জন সদস্য জনগণের ভোটে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত হয়ে এসেছেন। সবাই সমানভাবে বক্তব্য দেওয়ার অধিকার রাখলেও তা অবশ্যই নির্ধারিত নিয়ম-কানুন অনুসরণ করে করতে হবে।
আজ মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনকালে স্পিকার এ কথা বলেন।
তিনি আরো বলেন, সংসদে পয়েন্ট অব অর্ডার উত্থাপনেরও নির্দিষ্ট বিধান রয়েছে। চলমান আলোচনার সঙ্গে সম্পর্কিত বিষয়েই পয়েন্ট অব অর্ডার তোলা যায়। সংসদ সদস্য মুজিবুর রহমান যে বিষয়টি উত্থাপন করেছেন, তা বিধিসম্মত ছিল। তিনি দেখেছেন যে স্পিকার মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করেছেন এবং সেটিকে সংসদের রীতির পরিপন্থী বলে মনে করায় বিষয়টি পয়েন্ট অব অর্ডারে উত্থাপন করেছেন।
তিনি আরও বলেন, দেশের সমস্যা ও মানুষের দুর্ভোগের শেষ নেই। অনেক কর্মকর্তা-কর্মচারী নানা সংকটে রয়েছেন। উদাহরণ হিসেবে তিনি একটি পৌরসভার কর্মচারীদের চার বছর বেতন না পাওয়ার কথাও উল্লেখ করেন। এসব বিষয় গুরুত্বপূর্ণ হলেও সংসদে উত্থাপনের জন্য যথাযথ সময় ও পদ্ধতি অনুসরণ করতে হবে।
স্পিকার বলেন, সাধারণত প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর পয়েন্ট অব অর্ডার উত্থাপন করা হয়। তবে বাজেট অধিবেশনের মতো গুরুত্বপূর্ণ অধিবেশনে দীর্ঘ আলোচনা চলার কারণে এ সময় পয়েন্ট অব অর্ডার গ্রহণের সুযোগ সীমিত থাকে। যখন-তখন দাঁড়িয়ে বক্তব্য দেওয়া সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, সংসদ প্রধানত নোটিশভিত্তিকভাবে পরিচালিত হয়। কোনো বিষয় উত্থাপন করতে হলে আগে নোটিশ দিতে হয়। নোটিশ দেওয়া হলে সংশ্লিষ্ট মন্ত্রীকে অবহিত করে বিষয়টি বিধি অনুযায়ী আলোচনায় আনার সুযোগ তৈরি করা সম্ভব।
ভবিষ্যতে সংসদ সদস্যদের কার্যপ্রণালী বিধি মেনে যথাসময়ে বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, আপনাদের দাঁড়ানোর অনেক বৈধ কারণ থাকতে পারে। তবে সংসদের কার্যপ্রণালী বিধি অনুসরণ করেই তা করতে হবে।
ঢাকা/এএএম//